shono
Advertisement
Hardik Pandya

হৃদয়ে লেখো নাম... প্রেমিকার নামে নতুন ট্যাটু হার্দিকের? 'ভ্যালেন্টাইন্স গিফট', বলছে নেটপাড়া

দিনকয়েক আগেই তিনি নতুন হেয়ারস্টাইলের ছবি পোস্ট করেছিলেন। বিশ্বকাপের আগে চুল কেটে একেবারে সাদা রঙ করে মাঠে নেমেছেন হার্দিক।
Published By: Anwesha AdhikaryPosted: 11:35 PM Feb 11, 2026Updated: 11:35 PM Feb 11, 2026

বিখ্যাত গানে বলে, 'হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে'। তবে হৃদয়ে না হলেও ট্যাটুর মাধ্যমে শরীরে ভালোবাসার মানুষের নাম খোদাই করার বহু উদাহরণ রয়েছে। এবার সেই তালিকায় জুড়ল হার্দিক পাণ্ডিয়ার নাম। শোনা যাচ্ছে, প্রেমিকা মাহিকা শর্মার নামের প্রথম অক্ষর 'এম' ট্যাটু করিয়েছেন তারকা অলরাউন্ডার। সেই ছবি হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

মডেল মাহিকা শর্মার সঙ্গে মাঝেমাঝেই ছবি পোস্ট করেন হার্দিক। এছাড়াও সাজসজ্জা, চুলের ছাঁট থেকে শুরু করে নানা মুহূর্তের ছবিতে নিজের সোশাল মিডিয়া ভরিয়ে রাখেন টিম ইন্ডিয়ার ফ্যাশনিস্তা ক্রিকেটার। দিনকয়েক আগেই তিনি নতুন হেয়ারস্টাইলের ছবি পোস্ট করেছিলেন। বিশ্বকাপের আগে চুল কেটে একেবারে সাদা রঙ করে মাঠে নেমেছেন হার্দিক। কিন্তু নতুন চুলের ছাঁট দেখতে গিয়েই হার্দিকভক্তদের নজরে এসেছে বিশেষ এক ট্যাটু।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে,হার্দিকের ঘাড়ের একেবারে মাঝামাঝি জায়গায় রয়েছে 'এম' লেখা ট্যাটু। ছবি দেখেই ভক্তকুল দুয়ে দুয়ে চার করে নিয়েছেন। সকলেই একমত, প্রেমিকা মাহিকা শর্মার নামের আদ্যক্ষরটাই নিজের শরীরে একেবারে গেঁথে রেখেছেন হার্দিক। এর আগে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে তারকা ক্রিকেটারকে ঘিরে। নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করে সংসারও পেতেছিলেন। তাঁদের এক পুত্রও রয়েছে। কিন্তু তাদের কারোর নামের অক্ষর ট্যাটু করাননি হার্দিক। নতুন ট্যাটু দেখে নেটিজেনদের একাংশের অনুমান, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই কি প্রেমিকার জন্য এমন কাজ করলেন হার্দিক?

গত বছর মলদ্বীপ ঘুরতে গিয়ে মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন তারকা অলরাউন্ডার। তারপর থেকেই রোম্যান্সে গদগদ হার্দিক-মাহিকা। হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেন। বাড়ির পুজো, একসঙ্গে ডিনার ডেট এমনকী হার্দিকের মায়ের সঙ্গে ভিডিও কল পর্যন্ত সেরে ফেলেছেন মাহিকা। মাঝখানে তাঁদের বাগদানের গুঞ্জনও ছড়িয়েছিল। সব মিলিয়ে নাতাশা পর্ব ভুলে এখন মাহিকাতেই মশগুল হার্দিক। নিজের ভালোবাসা প্রকাশে এতটুকু ত্রুটি রাখছেন না তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement