shono
Advertisement
IND vs SL

সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও

বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকছে শ্রীলঙ্কা।
Published By: Arpan DasPosted: 06:29 PM Aug 18, 2026Updated: 07:59 PM Aug 18, 2026

ভারত (প্রথম ইনিংস): ৪৬২/১০ (পাড়িক্কল ১৬৭, রাহুল ৮২, প্রভাত জয়সূর্য ১০৯/৪)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ২৮৪/১০ (সোনাল ১০০, মানব ৭৬/৪, জাদেজা ৫৭/৩)
ভারত (দ্বিতীয় ইনিংস): ১৯৩/১০ (পন্থ ৬৬, দেবদত্ত ৪৪, ফার্নান্দো ৩১/৪)
শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ৮৪/৪ (ধনঞ্জয় ৩১*, সোনাল ২৫*, মানব ৩০/২)

Advertisement

বড় কোনও অঘটন না ঘটলে শ্রীলঙ্কায় টেস্ট জিততে সমস্যা হবে না ভারতের (IND vs SL)। চতুর্থ দিনেই তার সমস্ত লক্ষণ স্পষ্ট। ভারতের ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সোনাল দিনুশা এখনও লড়ছেন। তবে মানব সুথারদের ঘূর্ণির সামনে কতক্ষণ লড়তে পারবেন, সেটাই প্রশ্ন। পঞ্চম দিনে বৃষ্টি না বাধ সাধলে ভারতের জয় পেতে বেশিক্ষণ লাগা উচিত নয়।

প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গিয়েছে ২৮৪ রানে। তৃতীয় দিনের শেষে ১৭৮ রানের লিড থাকলেও বৃষ্টির জন্য আর মাঠে নামতে পারেনি ভারত। তবে দ্বিতীয় ইনিংসে শুভমান গিলরা বড় রান করতে পারেননি। ১৯৩ রানে অলআউট হয়ে গিয়েছে। যার মধ্যে একা পন্থেরই রান ৬৬। আর সেটাও করেছেন মাত্র ৬৯ বলে। অর্থাৎ পন্থ নিজের ঘরানাতেই দাপুটে ক্রিকেট খেলেছেন। এর মধ্যে টেস্টের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ১০০ ছক্কা হাঁকানোর নজিরও গড়েছেন।

দেবদত্ত পাড়িক্কল ৪৪ ও কেএল রাহুল ৩৫ রান করেন। তবে রান পাননি যশস্বী জয়সওয়াল (০), শুভমান গিল (৮), ধ্রুব জুরেল (৭)। মাঝে আরও একবার বৃষ্টির জন্য ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। তবে টেলএন্ডারদের ব্যর্থতা এই টেস্টেও চিন্তায় রাখল। রবীন্দ্র জাদেজা ও মানব সুথার, দু'জনেই ৯ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৪ উইকেট তোলেন অসিথা ফার্নান্দো, ৩ উইকেট প্রভাত জয়সূর্যর।

চতুর্থ দিনের শেষে ৩৭২ রানের বিরাট লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। লড়াইটা নিঃসন্দেহে অসম। ঘূর্ণি পিচে জাদেজা, সুথার বা কুলদীপ যাদবের স্পিনের হাত থেকে বাঁচা কার্যত অসম্ভব। চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে তাদের রান ৮৪। এখনও ২৮৮ রান পিছিয়ে। পঞ্চম দিনে ভারতের জয়ে বাধা হতে পারেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় সিলভা (৩১) ও সোনাল দিনুশা (২৫)। আর বাধা বৃষ্টি। এই দুই অঙ্কই আপাতত কাঁটা ভারতের জন্য। 

তবে চতুর্থ দিনে বিতর্ক পিছু ছাড়ল না। মানব সুথারের বলে লাহিরু উদারার ক্যাচ ধরেন জুরেল। তবে স্লিপে যখন তিনি ক্যাচ ধরছেন, তখন বল আদৌ মাটিতে লেগেছে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বারবার রিপ্লে দেখেও সংশয় মেটেনি। অনেকের মতে, তা মাটিতে লেগেছিল। তবে শেষ পর্যন্ত আউটই দেন আম্পায়ার। যা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement