shono
Advertisement
KL Rahul

আচমকাই জড়িয়ে ধরে সতীর্থকে চুমু! মাঠের মধ্যে আজব কাণ্ড রাহুলের, ভিডিও ভাইরাল

ব্যাট করছেন দুই ব্যাটার। ইনিংসের শুরুতে ওপেনারের আউট হওয়ার ধাক্কা সামলে দিব্যি পার্টনারশিপ গড়ছেন। আচমকাই উইকেটের অন্য প্রান্তের ব্যাটারকে চুমু খেতে গেলেন সহ-অধিনায়ক!
Published By: Anwesha AdhikaryPosted: 12:34 PM Aug 18, 2026Updated: 12:41 PM Aug 18, 2026

ব্যাট করছেন দুই ব্যাটার। ইনিংসের শুরুতে ওপেনারের আউট হওয়ার ধাক্কা সামলে দিব্যি পার্টনারশিপ গড়ছেন। আচমকাই উইকেটের অন্য প্রান্তের ব্যাটারকে চুমু খেতে গেলেন সহ-অধিনায়ক! এমনটাই দেখা গেল ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট চলাকালীন। সোশাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে সেই 'চুম্বনে'র ভিডিও।

Advertisement

গল টেস্টের চতুর্থ দিন সকালে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। কিন্তু প্রথম ওভারেই বড় ধাক্কা। তৃতীয় বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। সেখান থেকে ইনিংস গড়ার কাজ শুরু করেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক কে এল রাহুল। সঙ্গী গত ইনিংসে শতরান হাঁকানো দেবদত্ত পাড়িক্কল। ৬৫ রানের জুটি গড়েন দু'জনে। শেষ পর্যন্ত ৪৭ বলে ৩৫ রান করে আউট হয়ে যান রাহুল। দেবদত্ত করেছেন ৭৫ বলে ৪৪ রান। তবে তাঁদের দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি চর্চা চলছে মাঠের মধ্যে 'চুম্বন' নিয়ে।

ব্যাপারটা ঠিক কী? ঘটনাটি ঘটেছে ভারতীয় ইনিংসের ১১তম ওভারে। বল করছিলেন শ্রীলঙ্কা স্পিনার প্রভাত জয়সূর্য। ওভারের শেষ ডেলিভারি আছড়ে পড়ে রাহুলের প্যাডে, আউট দিয়ে দেন আম্পায়ার। স্বভাবতই হতাশ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন রাহুল। সেসময়ে পিছন থেকে ডাক দেন দেবদত্ত। রিভিউ নেওয়ার পরামর্শ দেন সহ-অধিনায়ককে। খানিকটা নিমরাজি হয়েই রিভিউ নেন রাহুল। দেখা যায়, স্টাম্পে বল লাগছে না। অর্থাৎ রাহুল আউট নন। জীবন ফিরে পেয়েই দেবদত্তকে জড়িয়ে ধরেন রাহুল। তারপরই 'চুম্বন'। 

তবে বড় রান করতে পারেননি রাহুল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত খানিকটা দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেছে। কিন্তু আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হয়েছেন ব্যাটাররা। লাঞ্চের আগে চার উইকেট হারিয়েছে ভারত, স্কোরবোর্ডে ১১৬ রান। সবমিলিয়ে ২৯৪ রানের লিড রয়েছে শুভমান গিলদের হাতে। দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement