ভারত: ১৭২ ও ৩৯২/৮ ডিঃ
শ্রীলঙ্কা: ২৯৪ ও ৭৫/৭
ম্যাচ ড্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ম্যাচের প্রথম দু’দিন। কিন্তু সেই ম্যাচেও যে এরকম নাটক অপেক্ষা করেছিল সেটা কে জানত? আর সেই নাটকেরই সাক্ষী থাকল সোমবারের ইডেন গার্ডেন্স। সাত উইকেট পড়ে গিয়েছে। রক্তের স্বাদ পেয়ে যাওয়া বাঘের মতোই ফুটছেন মহম্মদ শামি-ভুবনেশ্বর-উমেশরা। কারণ আর তিনটি উইকেট তুলতে পারলেই নয়া ইতিহাস। অতি নাটকীয় হয়ে পড়া ইডেন টেস্ট জিতে যাবে ভারত। যদিও শেষপর্যন্ত আর সেটা হল না। ভারতীয় দল ও ক্রিকেটপ্রেমীদের হতাশ করে আলো কমে যাওয়াতে খেলা বন্ধের নির্দেশ দিলেন আম্পায়াররা। আর অল্পের জন্য ম্যাচ হেরে যাওয়া থেকে বেঁচে গেল শ্রীলঙ্কাও। কোনওরকম অঘটন না ঘটে ম্যাচের নিষ্পত্তি হল ড্র’য়েই।
[পাঁচে পাঁচ, ব্যাট হাতে ইডেনে নয়া রেকর্ড পূজারার]
ইডেনে প্রথম টেস্টের পঞ্চম দিনে চা পানের বিরতির একটু আগেই আট উইকেটে ৩৫২ রানে নিজেদের ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন ভারত বিরাট। আর তখন শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩১ রান। সবাই যখন ভাবছে টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে তখনই একের পর এক আউট হতে থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা রীতিমতো বিপাকে ফেলছেন প্রতিপক্ষকে। মাত্র ২২ রানে পড়ে যায় ৪ উইকেট। ইডেনে উপস্থিত অল্পসংখ্যক দর্শকও যেন জয়ের স্বাদ পেয়ে গিয়েছেন। একের পর এক উইকেট পড়ছে আর ক্রিকেটের নন্দন কানন ফেটে পড়ছে উল্লাসে। প্রথম দু’দিন প্রায় ভেস্তে গেলেও শেষবেলায় যে এরকম একটি স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন ক্রিকেটদেবতা, তা হয়ত অতি বড় জ্যোতিষিও বলতে পারেননি। চার উইকেট পড়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য ভারতীয় পেসারদের ঠেকিয়ে রেখেছিলেন ডিকওয়েলা(২০) এবং চান্দিমল(২৭)। কিন্তু এই দু’জন আউট হয়ে যাওয়ার পর আবার সেই একই চিত্র। শেষপর্যন্ত আলো কমে যাওয়ার কারণে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। আর স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্রীলঙ্কা। কারণ ২৩১ রান তাড়া করতে নেমে ততক্ষণে পুরো টপ অর্ডার প্যাভিলিয়নে। ক্রিজে কেবল শানাঙ্কা(৬) এবং ৪০ বছর বয়সি রঙ্গনা হেরাথ(০)। স্কোরবোর্ড দেখাচ্ছিল শ্রীলঙ্কার রান সাত উইকেটে মাত্র ৭৫। সেদিক থেকে দেখতে গেলে জোর বাঁচা বেঁচে গেলেন চান্দিমলরা। ভারতীয় বোলারদের মধ্যে চার উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। এছাড়া মহম্মদ শামি পেয়েছেন দু’টি।
[ইডেনে প্রথম শতরান, সেই সঙ্গে আরও এক নজির ক্যাপ্টেন কোহলির]
এর আগে দিনের শুরুতে ১ উইকেটে ১৭১ রান থেকে খেলা শুরু করে ভারত। কিন্তু ফের একবার ব্যাটিং অর্ডারে ধস নামে ভারতের। পরপর ফিরে যান রাহুল-পূজারা-রাহানেরা। শেষপর্যন্ত পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিন নিজের ১৮তম টেস্ট শতরানটিও করেন তিনি। এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় এবং ইডেনে প্রথম সেঞ্চুরি। আর অধিনায়কের এই শতরানের সৌজন্য ৩৫০ রানের ইনিংস পেরোয় ভারত। যদিও ম্যাচ জেতার তাগিদে ৩৫২ রানেই ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট। শেষপর্যন্ত অবশ্য সেটা আর হল না। তবে ম্যাচের শেষবেলায় এরকম থ্রিলারের বহুদিন পর সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।
The post অতি নাটকীয় ইডেন টেস্ট শেষ হল ড্র দিয়েই appeared first on Sangbad Pratidin.
