টি-২০ বিশ্বকাপের পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ভারত। কিন্তু তারপরই উইমেন ইন ব্লু শিবিরে ধাক্কা। দুরন্ত ফর্মে থাকা স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল ছিটকে গেলেন গোটা বিশ্বকাপ থেকে। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের স্পিন বিভাগের অন্যতম ভরসা ছিলেন শ্রেয়াঙ্কা। পাকিস্তানকে হারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁকে ছাড়াই এবার একের পর এক কঠিন ম্যাচ খেলতে হবে উইমেন ইন ব্লুকে।
গত বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ব্রিগেড। সেই ম্যাচে নিজের স্পেলের একটা মাত্র বল করতে পেরেছিলেন শ্রেয়াঙ্কা। তারপরই বিশ্রীভাবে মচকে যায় তাঁর ডান পা। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে নিজের পায়ে হেঁটে মাঠও ছাড়তে পারেননি শ্রেয়াঙ্কা। স্ট্রেচারে চাপিয়ে তাঁকে মাঠ থেকে বের করা হয়। তখন থেকেই উদ্বেগ ছিল, পরবর্তী কয়েকটা ম্যাচে হয়তো তারকা স্পিনারকে পাবে না ভারত। সেই আশঙ্কাই সত্যি হল। গোটা বিশ্বকাপ থেকেই শ্রেয়াঙ্কা ছিটকে গেলেন।
শ্রেয়াঙ্কার পরিবর্ত হিসাবে ভারতীয় দলে যোগ দিচ্ছেন লেগস্পিনার প্রেমা রাওয়াত। আন্তর্জাতিক ক্রিকেটে একটাও ম্যাচ খেলেননি ২৪ বছর বয়সি প্রেমা। তবে ভারত এ দলের হয়ে খেলতে বর্তমানে ইংল্যান্ডেই রয়েছেন তিনি। মহিলা প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এ দলের হয়েও ভালো খেলেছেন। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সামলানোর পাশাপাশি শ্রেয়াঙ্কার মতো গুরুত্বপূর্ণ স্পিনারের জুতোয় পা গলানো- বড় চ্যালেঞ্জ প্রেমার সামনে।
আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবেন স্মৃতি মন্ধানারা। তারপর বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। এর আগে ফাইনালে উঠলেও টি-২০ বিশ্বকাপ জেতা হয়নি ভারতে। গতবছর নভেম্বর মাসে ওয়ানডে বিশ্বকাপ এসেছে ভারতের মেয়েদের ঘরে। এবার টি-২০ বিশ্বকাপের শুরুটাও হয়েছে দুর্দান্তভাবে। শ্রেয়াঙ্কার চোটের ধাক্কা সামলে কি এবার বিশ্বকাপ জিততে পারবে ভারত?
