ভারত: ১৭২ ও ১৭১/১
শ্রীলঙ্কা: ২৯৪
চতুর্থ দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দু’দিন বৃষ্টি নষ্ট করে দিয়েছিল খেলা। কিন্তু তৃতীয় এবং চতুর্থ দিনে পুরো না হলেও খেলা হল। আর তাতে যা পরিস্থিতি আপাতত ইডেন টেস্ট এগোচ্ছে ড্রয়ের দিকেই। যা পরিস্থিতি বড় কোনও অঘটন না ঘটলে এই ম্যাচ থেকে কোনও ফলাফল পাওয়া যাবে না।
[কঙ্কালকাণ্ডের পুনরাবৃত্তি সল্টলেকে, মায়ের মৃতদেহ আগলে ২ দিন ঘরবন্দি ছেলে]
আবহাওয়া এবং পিচের সুযোগ নিয়ে ভারতের প্রথম ইনিংসে স্টিম রোলার চালিয়েছিলেন শ্রীলঙ্কান বোলাররা। আর সেই দুর্যোগ কেটে যেতেই ইডেনের পিচ আর পাঁচটা ভারতীয় পিচের মতোই। না স্পিন, না পেস কোনও কিছুই কাজ করেনি রবিবারের ইডেনে। যার ফল স্বরূপ এবার শ্রীলঙ্কান বোলারদের উপর একছত্র আধিপত্য বিস্তার করলেন শিখর ধাওয়ান (৯৪) এবং কে এল রাহুল (৭৪)। দিনের একদম শেষে ধাওয়ান অল্পের জন্য সেঞ্চুরি মিস করে আউট হলেও ক্রিজে রয়েছেন রাহুল এবং পূজারা (২)। আপাতত শ্রীলঙ্কার তুলনায় ভারতীয় দল এগিয়ে ৪৯ রানে। লঙ্কা দলের হয়ে শিখরের উইকেটটি পেয়েছেন শানাকা। এর আগে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিল ভারতীয় দল।
এদিন শুরুর এক ঘণ্টায় অবশ্য বেশ ভালই সুবিধে পেয়েছিলেন ভারতীয় বোলাররা। আর শামি-ভুবনেশ্বর জুটির সামনে একেবারে অসহায় লাগছিল লঙ্কা ব্যাটসম্যানদের। চার উইকেটে ১৬৫ রান থেকে খেলা শুরু করে ২০১ রানের মধ্যে সাত উইকেট পড়ে যায় সফরকারী দলের। কিন্তু সময় যত এগোতে থাকে পিচ ততই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্যে পরিণত হতে থাকে। যার প্রমাণ ব্যাট হাতে রঙ্গনা হেরাথের মূল্যবান ৬৭ রান। তাঁর ওই রানের সৌজন্যে ২৯৪ রানে পৌঁছায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে শামি ও ভুবি চারটি করে উইকেট পেয়েছেন। ১২২ রানে এগিয়ে থাকলেও পরে ধাওয়ান-রাহুল জুটি সহজেই সেই লিড পেরিয়ে দলের রান এগিয়ে নিয়ে যান।
[বিকল স্মার্ট কার্ড গেট, জোড়া-তাপ্পি ফর্মুলায় নাভিশ্বাস মেট্রোর যাত্রীদের]
এদিকে, তৃতীয় দিনে ফিল্ডিং বিতর্কের পর চতুর্থ দিনে শ্রীলঙ্কান ক্রিকেটার দিলরুয়ান পেরেরা জড়ালেন ডিআরএস বিতর্কে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের তখন ৫৮তম ওভার। বল করছিলেন মহম্মদ শামি। ওই সময়ই একটি বল আছড়ে পড়ে দিলরুয়ানের প্যাডে। আপিল করলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে আউট দিয়ে দেন আম্পায়ার নাইজেল লং। ডিআরএসের জন্য আপিল না করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান দিলরুয়ান। কিন্তু পরমুহূর্তেই ফিরে এসে আবেদন করেন। এরপরই থার্ড আম্পায়ার রিপ্লে দেখে তাঁকে নট আউট দেন। ভারতীয় ক্রিকেটাররা এই নিয়ে কিছু না বললেও পরে ধারাভাষ্যকার থেকে শুরু ক্রিকেটপ্রেমিরা প্রত্যেকেই শ্রীলঙ্কান ক্রিকেটার এই কাণ্ডকারখানার কড়া সমালোচনা করেন। প্রত্যেকেই মত প্রকাশ করেন যে, ওই শ্রীলঙ্কান ক্রিকেটারের এহেন কাজ পুরোটাই অখেলোয়াড়োচিত।
The post রানে ফিরল ধাওয়ান-রাহুল জুটি, ড্রয়ের দিকেই ঝুঁকে ইডেন টেস্ট appeared first on Sangbad Pratidin.
