ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীত কৌররা। চলতি বছরের জুন-জুলাই মাসে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার লক্ষ্য সেই অধরা ট্রফি জেতা। আর তার 'প্রস্তুতিতে' অস্ট্রেলিয়াকে হেলায় হারাল উইমেন্স ইন ব্লু। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিডনিতে ডিএলএস পদ্ধতিতে ২১ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের মেয়েরা।
যার নেপথ্যে ভারতীয় বোলিং। আরও স্পষ্ট করে বললে অরুন্ধতী রেড্ডি। মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে অজিদের ব্যাটিং লাইনআপকে কাঁপিয়ে দিলেন হায়দরাবাদের বোলার। যোগ্য সঙ্গ দিলেন শ্রীচরণি (১৪/২) ও রেণুকা সিং (১৪/২)। এলসে পেরি বা অ্যাশলে গার্ডনাররা ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি। বিশেষ করে চর্চায় অরুন্ধতীর বলে হরমনপ্রীতের ক্যাচ। অনেকটা পিছন দিকে দৌড়ে শরীর ছুড়ে ক্যাচ নিয়ে পেরিকে ফেরান ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৩ রানে।
টসের আগেও এই ম্যাচে ভুগিয়েছে বৃষ্টি। পরেও বরুণদেব যথেষ্ট বাধা দিলেন। তবে লক্ষ্য এতটাই কম এবং ভারতীয় ব্যাটিং এতটাই শক্তিশালী যে জিততে কোনও অসুবিধা হয়নি। যে ভঙ্গিতে শেফালি বর্মা ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল যে কোনও লক্ষ্যই অনায়াসে ধাওয়া করে ফেলবেন। ১১ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। জেমাইমা রডরিগেজও ৩ বলে ৯ রান করেন। স্মৃতি মন্ধানা (১৭ বলে ১৬) অবশ্য ধীরেসুস্থে রান করছিলেন।
৫ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের রান উঠে যায় ৫০। সেই সময় ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আম্পায়াররা ডিএলএস পদ্ধতিতে লক্ষ্য ঠিক করেন ২৯। যা অনেক আগেই পেরিয়ে এসেছিল ভারত। তাই ডিএলএস পদ্ধতিতে ২১ রানে জেতে উইমেন্স ইন ব্লু। রিচা ঘোষ, দীপ্তি শর্মা বা হরমনপ্রীতদের ব্যাটই করতে হয়নি। এর আগে শ্রীলঙ্কাকে দেশের মাটিতে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এবার বিদেশের মাঠেও দাপটে 'প্রস্তুতি' শুরু হরমনপ্রীতদের।
