আইপিএলের (IPL 2026) সফলতম দল। সর্বাধিক পাঁচবারের ট্রফিজয়ী। সর্বাধিক ফাইনাল খেলার নজির। কিন্তু সাফল্যের চূড়ায় থাকা চেন্নাই সুপার কিংস আজ ভূলুণ্ঠিত। চলতি মরশুমেও প্লেঅফে জায়গা করে নিতে পারেনি ইয়েলো আর্মি। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার টানা তিনবছর প্লেঅফে উঠতে ব্যর্থ হল চেন্নাই। তারপর থেকেই ক্রিকেটমহলের প্রশ্ন, তাহলে কি সিএসকের সোনালি দিন একেবারে অতীত?
আইপিএলের পরিসংখ্যান বলছে, একটা সময়ে চেন্নাইকে ছাড়া প্লেঅফ ভাবাই যেত না। ২০০৮ থেকে ২০১৯-প্রত্যেকবার প্লে অফে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল। মাঝে দু'বছরের জন্য অবশ্য নির্বাসিত ছিল তারা। ২০২০ সালে প্রথমবার প্লেঅফে উঠতে ব্যর্থ হয় চেন্নাই। তারপরে দু'বার খেতাব জিতেছে তারা। কিন্তু ২০২৪ থেকে আর প্লেঅফে উঠতে পারেনি চেন্নাই। পরপর তিন বছর পয়েন্ট টেবিলের প্রথম চার দল থেকে মুছে গিয়েছে তাদের নাম। ২০২৫ আইপিএলে প্রথমবার লাস্ট বয়ের তকমা বসেছে সিএসকের নামের পাশে।
একটা সময়ে অপ্রতিরোধ্য চেন্নাইয়ের এহেন বেহাল দশা কেন? তাহলে কি মাহি ছাড়া চেন্নাই অচল? ক্যাপ্টেন কুল না থাকলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে সিএসকের তাসের ঘর? এই প্রশ্নগুলোই জোরালো হচ্ছে চেন্নাইয়ের অন্দরে। ২০২৩ সালে চেন্নাই আইপিএল জেতে ধোনির নেতৃত্বে। তার পরের বছর থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। গতবছর রুতুরাজের চোটের কারণে কিছুটা সময় নেতৃত্বে ফেরেন ধোনি। কিন্তু শেষ তিন বছরে মাহি ছিলেন না অধিনায়কত্বে, সেসময়েই ধীরে ধীরে পতনের দিকে এগিয়েছে চেন্নাই।
৪৪ বছর বয়সি 'বুড়ো' ক্রিকেটারের উপর কেন এত নির্ভরশীল একটা দল? ধোনিকে বাদ দিয়ে লড়ার ক্ষমতাটাই কি তৈরি হয়নি চেন্নাইয়ের অন্দরে? ভারতীয় দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে তৈরি করেছিলেন মাহি। চেন্নাইয়ের ক্ষেত্রে কি উত্তরসূরি বাছতে ভুল হয়ে গিয়েছে তাঁর?
চলতি মরশুমের একটা ম্যাচও খেলেননি ধোনি। এমনকী দলের শেষ ম্যাচের আগে ফিরে গিয়েছিলেন বাড়িতেও। আগামী মরশুমেও তিনি খেলবেন না, এমন সম্ভাবনাই প্রবল। চেন্নাই অধিনায়ক রুতুরাজের কথায়, "আমরাও ধোনির অভাব অনুভব করেছি। ধোনি এমন একজন ক্রিকেটার, যে খেললে প্রতিপক্ষ দল চাপে থাকে। বিশেষ করে ইনিংসের শেষের ওভারগুলোয়। একাই ম্যাচের রং বদলে দিতে পারেন।" প্রশ্ন উঠছে, ৪৪ বছর বয়সি 'বুড়ো' ক্রিকেটারের উপর কেন এত নির্ভরশীল একটা দল? ধোনিকে বাদ দিয়ে লড়ার ক্ষমতাটাই কি তৈরি হয়নি চেন্নাইয়ের অন্দরে? ভারতীয় দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে তৈরি করেছিলেন মাহি। চেন্নাইয়ের ক্ষেত্রে কি উত্তরসূরি বাছতে ভুল হয়ে গিয়েছে তাঁর?
