shono
Advertisement
IPL 2026

'চিরশত্রু' মুম্বইয়ের জয়েই পোয়াবারো, পন্থদের বিরুদ্ধে নামার আগে বাড়তি অক্সিজেন চেন্নাই শিবিরে

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মুম্বইয়ের কাছে হেরে প্লে-অফে ওঠার রাস্তা কিছুটা হলেও কঠিন করে ফেলল পাঞ্জাব কিংস।
Published By: Subhajit MandalPosted: 09:45 AM May 15, 2026Updated: 09:45 AM May 15, 2026

মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে যাওয়ার কোনও সুযোগ নেই। ফর্মও ছিল তলানিতে। সেই মুম্বইয়ের কাছে বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে ৬ উইকেটে হেরে প্লে-অফে ওঠার রাস্তা কিছুটা হলেও কঠিন করে ফেলল পাঞ্জাব কিংস। চলতি প্রতিযোগিতায় প্রথম দিকে দুর্দান্ত ছন্দে থাকা পাঞ্জাব টানা পাঁচটি ম্যাচ হেরে শুধু যে নিজেদের পরিস্থিতি জটিল করল তাই নয়, একই সঙ্গে কিছুটা অক্সিজেন দিয়ে দিল চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো দলকে। এদের মধ্যে চেন্নাই আবার আজই মাঠে নামছে।

Advertisement

বৃহস্পতিবার ধরমশালায় মুম্বইয়ের জয়ের নায়ক দু'জন। প্রথমজন হলেন শার্দুল ঠাকুর। বল হাতে তিনি তুলে নিলেন চারটি উইকেট, ৩৯ রান দিয়ে। দ্বিতীয় জন, তিলক বর্মা। যিনি মাত্র ৩৩ বলে ৭৫ রান করে শেষপর্যন্ত অপরাজিত রইলেন। শার্দুলের বিধ্বংসী বোলিং সত্ত্বেও পাঞ্জাব এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ঠিক ২০০ রান তোলে। রান তাড়া করতে নেমে মুম্বই চার উইকেটে ২০৫ রান তুলে জিতে যায়। অনবদ্য ব্যাটিং করেন তিলক। তিলক মাত্র ৩৩ বলে ৬টি চার ও ৬টি ছয়ের সাহায্যে অপরাজিত ৭৫ রান করলেন। শেষদিকে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল মুম্বই। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল ৫০ রান। সেখান থেকে এক বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ছয় মেরে দলকে জয় এনে দিলেন তিলক।

মুম্বইয়ের এই জয়ের অর্থ পরপর পাঁচ ম্যাচ হেরে পাহাড়প্রমাণ চাপে পাঞ্জাব। ১২ ম্যাচে ১৩ পয়েন্টেই রয়ে গেল তারা। যার অর্থ আজ লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেই পাঞ্জাবকে টপকে প্রথম চারে উঠে আসতে পারে চেন্নাই। আসলে আইপিএলের শুরুটা ভালো না হলেও ক্রমশ ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। একটা সময় মনে হচ্ছিল চেন্নাই হয়তো প্লে-অফে যেতে পারবে না। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টিম। ১১ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই।

ফাইল ছবি।

অন্যদিকে এই মরশুমে লখনউ একেবারে ছন্দে নেই। লিগ টেবিলে এখনও পর্যন্ত সবার নিচে রয়েছেন ঋষভ পন্থরা। চেন্নাই অবশ্য এসব নিয়ে ভাবতে চাইছে না। বরং তারা প্রতিপক্ষ নিয়ে অনেক বেশি সতর্ক। কারণ সামান্য ভুলচুকের কোনও জায়গা নেই। চেন্নাইকে ভরসা দিচ্ছে টিমের ব্যাটিং। সঞ্জু স্যামসন শুরুর দিকে কয়েকটা ম্যাচে রান পাননি। তিনি অবশ্য ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি। চলতি আইপিএলে তাঁর দু'টো সেঞ্চুরি হয়ে গিয়েছে। একই সঙ্গে মিডল অর্ডারও স্বস্তি দিচ্ছে সিএসকে-কে। উর্ভিল প্যাটেলের ভয়ডরহীন ব্যাটিংয়ের কথাও বলতে হবে। অবশ্য বোলিংয়ে চেন্নাই ধাক্কা খেয়েছে। জেমি ওভারটন চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাতে বোলিং শক্তি কিছুটা হলেও কমবে। চেন্নাই অবশ্য ওসব নিয়ে ভাবতে চাইছে না। তাদের লক্ষ্য একটাই-বাকি সব ম্যাচ জেতো আর প্লে-অফ নিশ্চিত করো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement