shono
Advertisement
Rishabh Pant

'ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি', উইকেট ছুড়ে দেওয়ায় পন্থকে তুলোধোনায় প্রাক্তন ক্রিকেটার

নতুন বলের চ্যালেঞ্জ সামলে তিনি আরও কিছুটা সময় ক্রিজে কাটাতে পারলে ভারতের ইনিংস হয়তো আরও শক্ত ভিতের উপর দাঁড়াত।
Published By: Prasenjit DuttaPosted: 11:30 AM Aug 17, 2026Updated: 11:30 AM Aug 17, 2026

ক্রিজে ঋষভ পন্থ মানেই আগ্রাসী ক্রিকেট। ঝুঁকি নিয়ে শট খেলা তাঁর স্বভাব। বহুবার সেই আগ্রাসনে কখনও উপকারও পেয়েছে ভারত। আবার দলের কঠিন সময়ে অযথা ঝুঁকি নিয়ে উইকেট ছুড়ে দিয়ে বিপদও বাড়িয়েছেন। প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা সত্ত্বেও নিজের স্বভাব বদলাননি ঋষভ পন্থ।

Advertisement

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম হল না। সেই সময় উইকেটে জমে গিয়েছিলেন পন্থ। কিন্তু আচমকাই বড় শট খেলতে গিয়ে আউট হলেন। ৬২ বলে ৩৯ রান করে ফিরলেন তিনি। ইনিংসের ৮১তম ওভারে পন্থের ব্যাটের কানায় লেগে বল উঠে যায় মিড-অফে। ক্যাচ নেন শ্রীলঙ্কার ফিল্ডার। পরে ধ্রুব জুরেল হাফসেঞ্চুরি করে ভারতকে কিছুটা স্বস্তি দেন। পন্থের শট নির্বাচন নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। যে ওভারে পন্থ আউট হন, সেই ওভারেই শ্রীলঙ্কা নতুন বল নিয়েছিল।

সম্প্রচারকারী চ্যানেলকে কাইফ বলেন, "ঋষভ পন্থ যেভাবে আউট হয়েছেন, তা নিয়ে আমার কোনও অভিযোগ নেই। ও তো ওভাবেই খেলে। তবে আমার অভিযোগ ওর সাধারণ জ্ঞান নিয়ে। নতুন বলে ওটা ছিল প্রথম ওভার। ওই ওভারেই ও তিন বার ক্রিজ ছেড়ে বেরিয়েছিল। সাধারণ বোধজ্ঞান বলে কাট শট খেলো। পাঁচ-ছয় ওভার নতুন বলটা দেখে নাও। এটাই তো টেস্ট ম্যাচের ঐতিহ্য।"

কাইফের মতে, পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটীয় বোধ কাজে লাগানো উচিত ছিল পন্থের। এমনকী কোনও ব্যাটার দেড়শো রান করে ফেললেও নতুন বল এলে কয়েকটি বল দেখে নেওয়াই উচিত। সেখানেই পন্থ ভুল করেছেন বলে মনে করছেন তিনি। কাইফ আরও বলেন, "সেই ওভারে প্রথম বলেই ও যেভাবে বাইরে বেরিয়েছিল, আমি দেখে অবাক হয়েছিলাম। প্রত্যেককেই একটু হিসাব কষতে হয়। এমনকী, কোনও ব্যাটার দেড়শো করে ফেললেও নতুন বল নেওয়া হলে কয়েকটা বল দেখে খেলে। সেখানেই আমি ওর কিছু নম্বর কেটে নিচ্ছি। ও যুক্তি আর ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি।"

টেস্ট ক্রিকেটে পরিস্থিতি বুঝে ঝুঁকি নেওয়ার গুরুত্বও কম নয়। গলে সেই জায়গাতেই পন্থের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠল। নতুন বলের চ্যালেঞ্জ সামলে আরও কিছুটা সময় ক্রিজে কাটাতে পারলে ভারতের ইনিংস হয়তো আরও শক্ত ভিতের উপর দাঁড়াত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement