shono
Advertisement

Breaking News

Lungi Ngidi

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর আঘাত, অজ্ঞান অবস্থায় মাঠ থেকে হাসপাতালে এনগিডি!

প্রায় ১৫ মিনিট ধরে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা চলে, কিন্তু লাভ হয়নি কোনও। শেষ পর্যন্ত মাঠে অ্যাম্বুল্যান্স আনা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় লুঙ্গিকে।
Published By: Anwesha AdhikaryPosted: 07:13 PM Apr 25, 2026Updated: 07:21 PM Apr 25, 2026

খেলা চলাকালীন ভয়ংকর চোট পেলেন লুঙ্গি এনগিডি। শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে ফিল্ডিং করার সময়ে তাঁর মাথায় বিশ্রী চোট লাগে। জখম এতটাই গুরুতর যে দক্ষিণ আফ্রিকান পেসারকে মাঠ থেকে সটান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবমিলিয়ে ক্রিকেটমহলে উদ্বেগ বাড়ছে এনগিডিকে নিয়ে। তাঁর আঘাত কতখানি গুরুতর, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement

শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করে ২৬৪ রান তোলে দিল্লি। ১৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন কেএল রাহুল। রান তাড়া করতে নেমে পাঞ্জাবও দারুণভাবে ইনিংস শুরু করে। দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। রানের গতিতে লাগাম পরাতে তৃতীয় ওভারে বল করতে আসেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। সেই ওভারের তৃতীয় বলেই বিশ্রীভাবে মাঠে পড়ে যান লুঙ্গি।

অক্ষরের ডেলিভারিতে লোপ্পা ক্যাচ তোলেন প্রিয়াংশ, তবে মিড অফে পৌঁছে ক্যাচ নেওয়াটা লুঙ্গির পক্ষে বেশ কঠিন ছিল। তা সত্ত্বেও ক্যাচ লুফতে পিছনের দিকে দৌড়তে শুরু করেন প্রোটিয়া পেসার। বল তাঁর নাগালের বাইরে চলে যায় এবং মাঠে পড়ে যান লুঙ্গি। যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। শুয়ে পড়েন মাঠে। সঙ্গে সঙ্গে ফিজিও-সহ দলের সাপোর্ট স্টাফরা ছুটে যান। কিন্তু কারোর ডাকেই সাড়া দেননি তারকা পেসার। প্রায় ১৫ মিনিট ধরে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা চলে, কিন্তু লাভ হয়নি কোনও। শেষ পর্যন্ত মাঠে অ্যাম্বুল্যান্স আনা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় লুঙ্গিকে।

খেলা চলাকালীন সতীর্থের এমন অবস্থা দেখে হতচকিত হয়ে যান ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলারের মতো প্রোটিয়া ক্রিকেটাররা। কোনওমতে তাঁদের সামাল দেওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান, ঘাড়ের কোনও হাড়ে বড়সড় আঘাত লেগেছে এনগিডির। হাড় ভাঙার সম্ভাবনাও প্রবল। আপাতত দিল্লির হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তবে তারকা পেসারকে নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement