shono
Advertisement
Virat Kohli

আইপিএলের শুরুতেই মারকাটারি কোহলি! দুরন্ত ছন্দের সিক্রেট ফাঁস করলেন অশ্বিন

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের পর কোহলির ব্যাটিংয়ে বড় পরিবর্তনের কথা তুলে ধরলেন তিনি। কী বলেছেন ভারতীয় স্পিনার?
Published By: Prasenjit DuttaPosted: 07:46 PM Apr 06, 2026Updated: 08:31 PM Apr 06, 2026

আইপিএলের শুরুতেই মারকাটারি বিরাট কোহলি (Virat Kohli)। দুরন্ত ছন্দের সিক্রেট কী? ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেট থেকে অবসরই যেন নতুন করে আগুন জ্বালিয়েছে বিরাট কোহলির ব্যাটে। অন্তত এমনটাই মনে করছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের পর কোহলির ব্যাটিংয়ে বড় পরিবর্তনের কথা তুলে ধরলেন তিনি।

Advertisement

চিন্নাস্বামীতে সিএসকে'র বিরুদ্ধে ১৮ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন কোহলি। তাঁর ইনিংসে ছিল নজরকাড়া 'নো-লুক' ছক্কাও, যা সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটিংয়ে নতুন সংযোজন। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিন বলেন, "২০২৪ সালে যখন বিরাট টেস্ট খেলছিল, তখন ও খুব স্থির থাকত। ব্যাটের নড়াচড়া কম ছিল। পায়ের মুভমেন্টও ভারসাম্যপূর্ণ ছিল। কিন্তু ২০২৬-এ এসে ও শুরুতেই ব্যাট নিচে রাখছে। পরে তুলে আনছে। যাকে আমরা 'পোটেনশিয়াল এনার্জি' বলি। এখন ও অনেক বেশি শট খেলতে চাইছে এবং হাত খুলে খেলছে।"

অশ্বিনের মতে, টেস্ট না খেলায় তিনি এখন অনেক বেশি আগ্রাসী শট খেলতে পারছেন। আলোচনায় উপস্থিত প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও। তিনি কোহলির 'পরিবর্তিত' ব্যাটিং ভঙ্গির প্রশংসা করেন। তাঁর মতে, কোহলির ব্যাকলিফটই এখন বাড়তি শক্তি। পাঠান বলেন, "এই ব্যাকলিফটের জন্যই ও বাড়তি মোমেন্টাম পাচ্ছে, শক্তিও বাড়ছে। আগে একেবারে স্থির থাকলে বড় শট খেলার জন্য যে গতি দরকার, সেটা পাওয়া যেত না। এখন ব্যাট নামিয়ে আবার তুলছে। ফলে শুরু থেকেই মোমেন্টাম তৈরি হচ্ছে। এটাই ওর স্ট্রাইক রেট বাড়িয়ে দিয়েছে।"

২০২৪ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর কোহলির ব্যাটিংয়ে এই পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, আরসিবি'র পরবর্তী ম্যাচ আগামী ১০ এপ্রিল জয়পুরে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement