shono
Advertisement
Ishan Kishan

কোন 'ফর্মুলা'য় ৩০০ করবে সানরাইজার্স? পরিকল্পনা ফাঁস অধিনায়ক ঈশানের

নতুন দায়িত্বের মাঝেই সতীর্থদের নিয়ে তাঁর মজার মন্তব্যে হাসির রোল ওঠে। ৩০০ করার ফর্মুলা যে হায়দরাবাদ অধিনায়কের কাছে আছে, সে কথাও বলেন তিনি। কী বলেছেন ঈশান?
Published By: Prasenjit DuttaPosted: 12:22 PM Mar 23, 2026Updated: 12:22 PM Mar 23, 2026

ভারতের বিশ্বজয়ের অভিযানে আগুনে ফর্মে ছিলেন ঈশান কিষান। এবার আইপিএলেও সানরাইজার্সকে নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। প্যাট কামিন্স দলে যোগ দিতে পারেননি। সেই কারণে শুরুর দিকে কিছু ম্যাচের জন্য ঈশানকে অধিনায়ক ঘোষণা করেছে কাব্য মারানের দল। নতুন এই দায়িত্বের মাঝেই সতীর্থদের নিয়ে তাঁর মজার মন্তব্যে হাসির রোল ওঠে। ৩০০ করার ফর্মুলা যে হায়দরাবাদ অধিনায়কের কাছে আছে, সে কথাও বলেন তিনি।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঈশান কিষান। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রধান খেলোয়াড়রা। ঈশান বলেন, "যেদিন আমরা ৩০০ রান করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হবে ট্র্যাভিস হেড এবং হেনরিখ ক্লাসেন। আমি আর অভিষেক শর্মা খুশি মনে ৭০ রানেই থেমে যাব।" এমন মন্তব্যের পর রীতিমতো হাসির রোল ওঠে। যা গোটা অনুষ্ঠানের পরিবেশকে হালকা করে দেয়। দলের ড্রেসিংরুমের পরিবেশ কতটা বন্ধুত্বপূর্ণ, সেটাও স্পষ্ট ঈশানের কথায়।

গত মরশুমের মতো এবারও শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে নামছে সানরাইজার্স। ঈশান, হেড, অভিষেক, ক্লাসেন ছাড়াও দলে রয়েছেন লিয়াম লিভিংস্টোন, নীতীশ কুমার রেড্ডি, কমিন্দু মেন্ডিসদের মতো একাধিক বিধ্বংসী ব্যাটার। তবে ব্যাটিং যতই শক্তিশালী হোক, বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তা থাকছেই। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া সতর্ক করে বলেন, "সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং খুব শক্তিশালী। কিন্তু বোলিং ততটা নয়। আমার মনে হয় না ওরা এবার প্রথম চারে জায়গা করতে পারবে।"

আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের অভিযান শুরু হবে ২৮ মার্চ। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মরশুমের শুরুতেই জয়ের ছন্দ খুঁজে পেতে মরিয়া দুই দলই। উল্লেখ্য, ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলেছিল এসআরএইচ। এবার দেখার, নিজেদের রেকর্ড ভেঙে তিনশোর গণ্ডি টপকাতে পারে কি না তারা। তবে তাদের দলনায়ক ফর্মে রয়েছেন। বিশ্বকাপে ৩১৭ রান করেছিলেন। ফাইনালে হাফসেঞ্চুরি করে যান। সেই ফর্ম আইপিএলেও বজায় রাখতে চান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement