আইপিএলে (IPL 2026) অতীতে দেখা গিয়েছে, শুধু বাইশ গজে নয়, প্রাইস ট্যাগের চাপের সঙ্গেও লড়াই করতে হয়েছে ক্রিকেটারদের। কেকেআরে তার সাম্প্রতিক উদাহরণ ভেঙ্কটেশ আইয়ার। প্রেস কনফারেন্স হোক কিংবা অন্য কোথাও, বারবারই বিশাল অর্থের ব্যাপার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কে জানে, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ব্যাপারটা এখন থেকেই বুঝতে পারছেন কি না। নিলামে এবার ২৫.২০ কোটি দিয়ে তাঁকে কিনেছে কেকেআর (KKR)। সবচেয়ে বড় কথা, গ্রিনকে এমন একজন ক্রিকেটারের পরিবর্ত হিসেবে নাইটরা নিয়েছেন, যিনি কেকেআরকে বছরের পর বছর জিতিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই ভাবছেন আন্দ্রে রাসেল।
রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই বলে দিয়েছেন, গ্রিন যদি ম্যাচে দু'ওভার বোলিং করেন, তাহলে ওঁর থেকে দু'কোটি টাকা কেটে নেওয়া উচিত। বেশ কিছুদিন হল ইডেনে আইপিএল প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। গ্রিনও ইতিমধ্যে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। হয়তো চাপটাও উপলব্ধি করতে পারছেন। এমনিতেই কেকেআর পেস লাইন আপ রীতিমতো হাসপাতালে পরিণত হয়েছে। হর্ষিত রানা আর আকাশ দীপ পুরো টুর্নামেন্টে নেই। মাথিশা পাথিরানাকেও প্রথম দিকের ম্যাচগুলোতে পাওয়া যাবে না। টিমের সঙ্গে এপ্রিলের মাঝামাঝি তিনি যোগ দেবেন বলেই শোনা যাচ্ছে।
বল হাতে অনুশীলনে গ্রিন। ছবি: অমিত মৌলিক
এই পরিস্থিতি বোলিংয়ে যে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন গ্রিন। রবিবার ইডেনে তাই নেটে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেল অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে। এদিন দুটো ভাগে প্র্যাকটিস করল কেকেআর। একটা টিম বিকেলে। একটা রাতে। যে টিমটা বিকেলে প্র্যাকটিস করল, সেখানে অবশ্য খুব বেশি কেউ ছিলেন না। উল্লেখযোগ্য নাম বলতে শুধু অঙ্গকৃশ রঘুবংশী। বাকি সবাই মোটামুটি নেট বোলার। আর ট্রায়ালে থাকা কিছু পেসার। প্রধান টিমের বাকি সবাই এলেন রাতে। অজিঙ্ক রাহানে, গ্রিন থেকে শুরু করে বাকি সবাই।
গ্রিন শুরুতেই নেটে বোলিং করলেন। সেটা বেশ কিছুক্ষণ। তারপর বোলিং-পর্ব শেষ করেই নেটে ব্যাট করে গেলেন। এর বাইরে অবশ্য একটা খবর থাকছে। সোমবারই শহরে ঢুকে পড়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেডের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য সুনীল নারিন, রভম্যান পাওয়াল আর কেকেআরের পাওয়ার কোচ আন্দ্রে রাসেলের আসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে সে'সব কেটে গিয়েছে। নাইটদের দুশ্চিন্তা কাটিয়ে সোমবার শহরে চলে আসছেন নারিনরা।
