shono
Advertisement
IPL 2026

মিথ্যে বলে আইপিএল ছেড়েছিলেন! ইংরেজ অলরাউন্ডারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সঙ্গকারা

আইপিএল থেকে বিদায় নেওয়ার পরই স্যাম কারেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজস্থান রয়্যালসের টিম ডিরেক্টর কুমার সঙ্গকারা। চোটের অজুহাতে আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরও কাউন্টি ক্রিকেটে দিব্যি খেলছেন ইংরেজ অলরাউন্ডার। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 06:46 PM May 30, 2026Updated: 07:46 PM May 30, 2026

মিথ্যে বলে আইপিএল ছেড়েছিলেন! আইপিএল থেকে বিদায় নেওয়ার পরই স্যাম কারেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজস্থান রয়্যালসের টিম ডিরেক্টর কুমার সঙ্গকারা। চোটের অজুহাতে আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরও কাউন্টি ক্রিকেটে দিব্যি খেলছেন ইংরেজ অলরাউন্ডার। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের হস্তক্ষেপও দাবি করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার।

Advertisement

শুক্রবার এক সাক্ষাৎকারে সঙ্গকারা বলেন, “আমাদের জানানো হয়েছিল কারেন এমন চোট পেয়েছে। এরপর ও আর খেলতে পারেনি। কিন্তু পরে দেখি সারের হয়ে দু-তিনটি ম্যাচ খেলেছে। বিষয়টা খুবই হতাশাজনক। এখানে এসে আমাদের হয়ে খেললে ভালো লাগত। কিন্তু আমরা বাধ্য হয়ে দাসুন শনাকাকে বিকল্প হিসাবে নিয়েছি।” তিনি আরও বলেন, “একটা সঠিক ও কঠোর নীতি থাকা সব সময় প্রয়োজন। বিসিসিআইয়ের এমন নীতি রয়েছে। প্রত্যেক ক্রিকেটারই চোট পায়। কিন্তু যদি সত্যিই গুরুতর চোট হত এবং মরশুম শেষ হয়ে যেত, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতাম।”

উল্লেখ্য, ইংল্যান্ডের ঘরোয়া দল সারের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন কারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বল না করলেও আইপিএল থেকে চোটের কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে কাউন্টি ক্রিকেটে তাঁর অংশগ্রহণ ঘিরে প্রশ্ন উঠেছে। রাজস্থানের বিদায়ের নেপথ্যে দলের একাধিক চোট-আঘাতকেই দায়ী করেছেন সঙ্গকারা। তবে সেই প্রসঙ্গেও কারেনকে পরোক্ষে খোঁচা দিতে ছাড়েননি তিনি।

সঙ্গকারার কথায়, “আমাদের দলে বেশ কিছু চোট ছিল। অ্যাডাম মিলনে, হেটমায়ারের মতো ক্রিকেটাররা খুব বেশি সুযোগ পায়নি। লুয়ানদ্রে প্রিটোরিয়াস, কোয়েনা মাফাকাও ছিল। ওরা কঠোর পরিশ্রম করেছে, অনুশীলন করেছে, দলের জন্য সব কিছু করেছে। কে দলে থাকতে চায়, সেটাও সেই ক্রিকেটারের উপর নির্ভর করে।” ঘটনাটি ঘিরে আইপিএল মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, বিসিসিআই এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয় কি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement