shono
Advertisement
LSG vs RR

IPL 2026, LSG vs RR: অবিশ্বাস্য বৈভবে প্লেঅফের আরও কাছে রাজস্থান, অঙ্ক কঠিন হল কেকেআরের

ম্যাচ জেতানো ইনিংসে অনবদ্য রেকর্ডও গড়েছে বৈভব। এদিনের জয়ের ফলে রাজস্থানের সামনে প্লে-অফের অঙ্কটা দিনের আলোর মতো পরিষ্কার।
Published By: Subhajit MandalPosted: 11:32 PM May 19, 2026Updated: 11:43 PM May 19, 2026

লখনউ সুপার জায়ান্টস ২২০-৫ (মার্শ ৯৬, ইংলিশ ৬০)
রাজস্থান রয়্যালস ২২৫-৩ (বৈভব ৯৩, জুড়েল ৫৩)
রাজস্থান রয়্যালস ৭ উইকেটে জয়ী

Advertisement

বৈভব সূর্যবংশী। যত দিন যাচ্ছে, ততই যেন অবাক করছে ওই বিস্ময় বালক। মঙ্গলবার প্লেঅফের লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একপ্রকার অবিশ্বাস্য ইনিংস খেলে নিজের দলকে জিতিয়ে দিল ১৫ বছরের কিশোর। মূলত বৈভবের ৯৩ রানের ইনিংসের সুবাদেই রাজস্থান রয়্যালস ৭ উইকেটে হারাল লখনউ সুপার জায়ান্টসকে। এই জয়ের ফলে প্লেঅফের আরও কাছে চলে এল রাজস্থান। একই সঙ্গে রাস্তা কঠিন হয়ে গেল কেকেআরের।


এদিন প্রথমে ব্যাট করে ২২০-৫ স্কোর করেছে এলএসজি। আইপিএলের প্রথম দিকে ওপেনিং জুটি সেভাবে পারফর্ম করতে পারছিল না তাদের। যার প্রভাব পড়ছিল দলের ব্যাটিংয়ে। জশ ইংলিশ আসার পর সেই সমস্যা অনেকটাই কেটেছে। মিচেল মার্শের সঙ্গে তাঁর জুটিতে বেশ ভালো শুরু করছে এলএসজি। এদিনও যেমন পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়েই তারা তুলে ফেলে ৮৩। ওপেনিং জুটিতে আট ওভারেই ১০৫ উঠে যায়। দুরন্ত ব্যাটিং করেন ইংলিশ (২৯ বলে ৬০)। একটুর জন্য সেঞ্চুরি পেলেন না মার্শ (৯৬)। তাঁর ৫৭ বলের ইনিংস সাজানো ১১ চার এবং পাঁচ ছক্কায়। তবে নিকোলাস পুরান (১৬) এবং ঋষভ পন্থ (২৩ বলে ৩৫) রান তোলার গতি সেভাবে ধরে রাখতে পারেননি। ফলে যে রানটা হয়তো ২৪০ হতে পারত, সেটাই থেমে যায় ২২০-তে।

বৈভব ও জয়সওয়ালের জুটি। ছবি: সংগৃহীত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিতভাবেই বিধ্বংসী করে রাজস্থান রয়্যালস। প্রথম উইকেটের জুটিতে মাত্র সাড়ে ৬ ওভারে ৭৫ রান তুলে দেয় তাঁরাও। এদিন অধিনায়কত্বের দায়িত্বে থাকা জয়সওয়াল ২৩ বলে করেন ৪৩ রান। তবে আসল কাজটা আরও একবার করে যায় ১৫ বছরের বৈভব। অন্যদিনের মতো এদিন শুরুটা অতটা মসৃণ হয়নি বৈভবের। কিন্তু পাওয়ার প্লে-র পর যেন অন্য রূপে দেখা গেল তাকে। শেষপর্যন্ত অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ৩৮ বলে ৯৩ রানের ইনিংসে রাজস্থানের জয় প্রায় নিশ্চিত করে দেয় বৈভব। সেই সঙ্গে অনবদ্য রেকর্ডও গড়েছে সে। আইপিএলের এক মরশুমে ৫০০ রানের বেশি করা ব্যাটারদের মধ্যে বৈভবের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। চলতি মরশুমে তার স্ট্রাইক রেট ২৩৬-এরও বেশি। এর আগে ২০১৯ সালে আন্দ্রে রাসেল ৫০০-র বেশি রান করেন ২০৪ স্ট্রাইক রেট রেখে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। শেষে ধ্রুব জুড়েল করেন ৫৩ রান। 

এদিনের জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল রাজস্থান। বৈভবদের সামনে প্লে-অফের অঙ্কটা দিনের আলোর মতো পরিষ্কার। নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই প্লেঅফে চলে যাবে রাজস্থান। সেক্ষেত্রে অন্য কোনও দলের দিকে তাকিয়েও থাকতে হবে না তাদের। বৈভবদের এদিনের জয় রাস্তা কঠিন করল কেকেআরের জন্যও। শেষ ম্যাচে রাজস্থান যদি মুম্বইয়ের কাছে না হারে, তাহলে নাইটদের আর কোনও সম্ভাবনা থাকবে না। এদিকে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখন মূলত অন্যের যাত্রাভঙ্গই মূল কাজ তাঁদের। এদিন সেটা করতে পারলে খানিকটা সুবিধা হত নাইটদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement