দীর্ঘ একমাসের অপেক্ষার অবসান। অবশেষে তিনি আসছেন। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেনে খেলতে নামছে কেকেআর। তার আগেই নাইট শিবিরকে চাঙ্গা করে দলের সঙ্গে যোগ দিয়ে ফেললেন মাথিশা পাথিরানা। কেকেআরের তরফে ভিডিও পোস্ট করে এই খবর জানানো হয়েছে। টানা হারের পর পয়েন্ট টেবিলের তলায় থাকা কেকেআর শিবিরে স্বস্তি দেবে পাথিরানার আগমন। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি?
গত রবিবারই শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা বোর্ডের কঠিন ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছেন তিনি। সব ঠিক থাকলে দিনদুয়েকের মধ্যেই তারকা পেসারকে দেখা যাবে নাইট শিবিরে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও শ্রীলঙ্কা পেসারের দেখা মেলেনি। শেষ পর্যন্ত রবিবার সকালে তিনি পৌঁছে গেলেন নাইট শিবিরে। রবিবারই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। ৬টা ম্যাচ খেলে একটাতেও জিততে পারেনি নাইটরা।
উল্লেখ্য, নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনেছে কেকেআর। বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার পেসার। জানা যায়, নাইট শিবিরে যোগ দিতে হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। প্রথমে পাথিরানা সেই পরীক্ষা দিতেই চাননি বলে শোনা যায়। তবে কয়েকদিন পরে বোর্ডের নির্ধারিত ফিটনেস পরীক্ষা দিয়েছেন পাথিরানা। তিনি যোগ দেওয়ার ফলে কেকেআরের দুর্দশা কিছুটা ঘুচতে পারে। কারণ আসলে চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে বড় সমস্যার জায়গা পেস বোলিং।
মুস্তাফিজুর রহমান বাদ। চোটের কারণে নেই হর্ষিত রানা-আকাশ দীপও। ভরসা বলতে বৈভব আরোরা-কার্তিক ত্যাগীদের মতো তরুণ তুর্কিরা। এহেন পরিস্থিতিতে পাথিরানার দলে যোগ দেওয়াটা নাইটদের শিবিরে বিরাট সুসংবাদ। কিন্তু কবে থেকে আইপিএলে খেলবেন পাথিরানা? সেটা এখনও নিশ্চিত নয়। রবিবার রাজস্থানের বিরুদ্ধে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। নাইটদের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে পাথিরানা ম্যাচ ফিট হয়ে যেতে পারেন। অর্থাৎ আগামী সাতটা ম্যাচে কেকেআর খেলাতে পারে লঙ্কান পেসারকে।
