আইপিএলে আরও একটা সহজ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই সঙ্গে নয়া নজির গড়লেন ভুবনেশ্বর কুমার। আইপিএলে ২০০ উইকেট হয়ে গেল ভারতীয় পেসারের। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার নজির গড়লেন তিনি। আর একমাত্র পেসার হিসেবে এই নজির গড়লেন ভুবি।
২০০৯ সালে আইপিএলে আরসিবি'র জার্সিতে অভিষেক হয় উত্তরপ্রদেশের বোলারের। মাঝে দীর্ঘসময় কাটিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। গতবছর বেঙ্গালুরুতে ফিরে আসেন। আরসিবি'কে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেন। এবারও দারুণ ফর্মে আছেন। প্রথম ম্যাচে একটি উইকেট পান। আর চেন্নাইয়ের ম্যাচে ৪১ রান দিয়ে পকেটে ঢোকে ৩ উইকেট। তার মধ্যে আয়ুষ মাত্রের ক্যাচ রজত পাতিদার ধরতেই ২০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন ভুবনেশ্বর।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের (২২৪) নামে। তিনিই প্রথম ২০০ উইকেট শিকার করেন। এরপর ভুবনেশ্বর (২০০), সুনীল নারিন (১৯৩) পীযুষ চাওলা (১৯২), রবিচন্দ্রন অশ্বিন (১৮৭)। জশপ্রীত বুমরাহর উইকেট সংখ্যা ১৮৩। অর্থাৎ প্রথম পেসার হিসেবে ২০০ উইকেটের নজির গড়লেন ভুবনেশ্বর।
এর মধ্যে হায়দরাবাদের বিরুদ্ধে ১৪৫ ম্যাচে তুলেছেন ১৫৭ উইকেট। এছাড়া পুনে ওয়ারিয়ার্সের হয়েও খেলেছিলেন তিনি। গত মরশুমে আরসিবি'র হয়ে পেয়েছিলেন ১৭টি উইকেট। ডেথ ওভারে এখনও ভুবনেশ্বর সুনিপুণ। সুইংয়ে বিপক্ষকে বিভ্রান্ত করতে পারদর্শী। তবে ২০২২ সালের পর থেকে জাতীয় দলের বাইরে ভুবনেশ্বর।
