ইডেনে আগামী সোমবার মাঠে নামার আগে দলের রত্নখচিত টপ অর্ডার নিয়ে কেকেআরের (KKR) উদ্দেশে বেসরকারি সতর্কবার্তা জারি করে রাখলেন পাঞ্জাব কিংস (PBKS) কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। বলে রাখলেন, তাঁর টিমের টপ অর্ডারে যে সমস্ত ভারতীয় প্রতিভা রয়েছেন, প্রত্যেকেই স্পেশাল।
চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে, চিপক নামক দুর্গে বধ করে শনিবার শহরে পা রেখেছে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব। সেই শ্রেয়স, কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে 'খটাখটি'-তে যাঁকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে যেতে হয়েছিল দলকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরেও। গত মেগা নিলামে শ্রেয়সকে কিনে নেয় পাঞ্জাব। এবং প্রথম বার দায়িত্ব পেয়েই টিমকে আইপিএলে ফাইনালে তুলে দেন শ্রেয়স। কেকেআর সেখানে শ্রেয়সকে হারানোর পর থেকে আজও নেতৃত্ব-সমস্যায় ভুগছে।
যাক গে। পন্টিংয়ে ফেরা যাক। সোমবার চেন্নাইকে হারানোর পর সম্প্রচারকারী সংস্থায় পন্টিং বলে দিয়েছেন, "টপ অর্ডারে আমাদের যে সমস্ত ভারতীয় প্রতিভা রয়েছে, প্রত্যেকেই স্পেশাল। আমরা গত মেগা নিলামের সময় ঠিক করেছিলাম, পুরো খোলনলচে বদলে ফেলতে হবে টিমের। চ্যাম্পিয়ন টিম গড়তে হবে।"
ভুল বলেননি পন্টিং। পাঞ্জাবের ওপেনিংয়ে বিস্ফোরক দুই ভারতীয় রয়েছেন। দিল্লির যুবক প্রিয়াংশ আর্য। এবং পাঞ্জাবের প্রভসিমরন সিং। যাঁদের ব্যাট একবার চলতে শুরু করলে থামানো প্রায় দুঃসাধ্য পর্যায়ে চলে যায়। চেন্নাইয়ের বিরুদ্ধে চিপক-জয়ের অন্যতম কারিগরও প্রিয়াংশ। ২১০ রান তাড়া করতে নেমে বাঁহাতি ওপেনারের ১১ বলে ঝোড়ো ৩৯ রানই জয়ের ভিত গড়ে দেয়। খেলাটা শেষ করেন অধিনায়ক শ্রেয়স। অসামান্য এক হাফসেঞ্চুরিতে।
তা, পাঞ্জাবের তারকা ওপেনিং জুটি কী বলছেন? কী বলছেন প্রভসিমরণ ও প্রিয়াংশ? চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা শেষে প্রভসিমরণ বলে যান, "আমাদের টার্গেট কখনওই পঞ্চাশ বা একশো করা ছিল না। আমরা সব সময় চেয়েছিলাম, টিমকে এমন একটা স্টার্ট দিতে, যাতে রান তাড়া করতে অসুবিধে না হয়। প্রিয়াংশ দারুণ খেলল চিপকে। মাত্র ১১ বলে গোটা চল্লিশেক রান করে দিল। আমারই বরং প্রথম দিকে ছন্দ পেতে অসুবিধে হচ্ছিল।" পাশে দাঁড়ানো প্রিয়াংশ যা শুনে বললেন, "প্রভ ভাই আমার কাছে শ্রীযুক্ত ধারাবাহিকতা। কারণ, প্রায় প্রত্যেক ম্যাচে ও পারফর্ম করে। প্রভ ভাইয়ের সঙ্গে ব্যাট করতে আমার দারুণ লাগে। কারণ, ও সব সময় স্ট্রাইক রোটেট করতে থাকে। কখনও চাপ বাড়তে দেয় না। দেখুন, কে রান করল না করল, কিছু যায় আসে না। আসল হল, টিম জিতছে কি না? সেটা হলেই চলবে।"
