জশ হ্যাজেলউড আইপিএলের প্রথম দিকে খেলতে পারবেন না। শুক্রবারের পর নিশ্চিত হয়ে গেল, শ্রীলঙ্কা পেসার নুয়ান থুসারাও টুর্নামেন্টের শুরুর দিকে নেই। পরিস্থিতি যা, গতবারের চ্যাম্পিয়ন আরসিবির আপাতত আশা-ভরসা একজনই।
বিরাট কোহলি।
গত আইপিএলে আরসিবির হয়ে সর্বোচ্চ রানি করেছিলেন বিরাট। ৬৫৭। যা আঠারো বছরের খরা কাটিয়ে আরসিবিকে তাদের প্রথম আইপিএল ট্রফি জিতিয়ে দেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচ অ্যন্ডি ফ্লাওয়ার এবারও কোহলির সেই রুদ্ররূপ প্রত্যাশা করছেন। ফ্লাওয়ারের মতে, এবারও কোহলির একই তেজের সঙ্গে পারফর্ম না করার কোনও কারণ নেই।
"নেটে কোহলির ব্যাটিং খুব মনযোগ দিয়ে দেখছি আমি। দেখে মনে হচ্ছে, নিজের সেরা ছন্দে রয়েছে ও। প্রচণ্ড ফিট, অসম্ভব ক্ষুধার্ত দেখাচ্ছে বিরাটকে," শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলে দেন ফ্লাওয়ার। সঙ্গে যোগ করেন, "কোহলিকে দেখে খুব প্রতিজ্ঞাবদ্ধও লাগছে। পেশাদার ক্রীড়াবিদের ভেতরে ভালো করার যে অদম্য ইচ্ছে থাকে, তা ওর মধ্যে দেখতে পাচ্ছি।"
শনিবার শুরু হয়ে যাচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই ঘটছে বিরাট-অবতরণ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। দেখতে গেলে, শক্তি বিচারে দু'টো টিমের ব্যাটিং প্রায় সমানে-সমানে। আরসিবিতে ফিল সল্ট, রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ার, উইল জ্যাকস, বিরাট কোহলিরা রয়েছে। হায়দরাবাদে আবার রয়েছেন অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনরা। ধরেই রাখা হচ্ছে, শনিবাসরীয় চিন্নাস্বামীতে রানের আতসবাজি দেখা যাবে।
নেটে কোহলির ব্যাটিং খুব মনযোগ দিয়ে দেখছি আমি। দেখে মনে হচ্ছে, নিজের সেরা ছন্দে রয়েছে ও। প্রচণ্ড ফিট, অসম্ভব ক্ষুধার্ত দেখাচ্ছে বিরাটকে। কোহলিকে দেখে খুব প্রতিজ্ঞাবদ্ধও লাগছে। পেশাদার ক্রীড়াবিদের ভেতরে ভালো করার যে অদম্য ইচ্ছে থাকে, তা ওর মধ্যে দেখতে পাচ্ছি।
খচখচ করছে শুধু একটাই বিষয়। গত জানুয়ারি মাসের পর আর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে দেখা যায়নি বিরাটকে। প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক যদিও তাতে বিন্দুমাত্র আমল দিলেন না। ফ্লাওয়ার বললেন, "আমরা সেটা নিয়ে কথা বলেছি। অত ভাবার কিছু নেই। কোহলির ট্রেনিং দেখে আমার উপলব্ধি, নিজের সেরা ফর্মে আছে ও। সেরা ছন্দে রয়েছে।”
অর্থাৎ, সেই বিরাটেই অগাধ আস্থা রাখছে আরসিবি। ঠিক যে আস্থা, আবার টিমের অস্থায়ী অধিনায়ক ঈশান কিষানের উপরে রাখছে সানরাইজার্স। স্মরণ করিয়ে দেওয়া যাক, পিঠের চোটের কারণে টিমের অধিনায়ক প্যাট কামিন্স আইপিএলের প্রথম ভাগে খেলতে পারবেন না। কিন্তু তাতে কী? সানরাইজার্স হায়দরাবাদ বিশ্বাস করে যে, তাদের অস্থায়ী অধিনায়ক ঈশান নেতা হিসেবে যথেষ্ট দক্ষ। যার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গিয়েছে, গত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে। যেখানে ঝড়খণ্ডকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
ফ্লাওয়ারের মতো সানরাইজার্সের পক্ষ থেকে এ দিন প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন ডানিয়েল ভেত্তোরি। বলছিলেন, "ঈশান আজ থেকে আইপিএল খেলছে না। বেশ কয়েক বছর হয়ে গেল। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে ঈশান। সাফল্যও পেয়েছে। তার একটা আলাদা বিশ্বাস রয়েছে।" এরপরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রসঙ্গ টেনে আনেন ভেত্তোরি। বলে দেন, "আর নেতা হিসেবে ঈশান অপরীক্ষিত কে বলল? অনূর্ধ্ব ১৯ ভারতকে নেতৃত্ব দিয়েছে। সৈয়দ মুস্তাক আলিতে ঝাড়খণ্ড ঈশানের ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন হল। তাই বলছি, ঈশান কনফিডেন্ট ক্রিকেটার। কনফিডেন্ট লিডার। তা ছাড়া অভিষেকের (শর্মা) সঙ্গে ওর জুটিটাও ভালো হবে বলে আমার বিশ্বাস। ওরা দু'জনে খুব ভালো বন্ধু। টিমটাকেও খুব ভালো জানে ওরা। আমার তো মনে হচ্ছে, ওরা দু'জন মিলে এ বছর সামনে থেকে টিমকে নেতৃত্ব দেবে।"
