আইপিএল উনিশের শুরুটা রীতিমতো স্বপ্নের মতো হয়েছিল পাঞ্জাব কিংসের। প্রথম সাতটা ম্যাচে অপরাজিত ছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) টিম। ক্রিকেট বিশেষজ্ঞরা সেই সময় বলাবলি করছিলেন, আদৌ হারানো যাবে তো পাঞ্জাবকে? কিন্তু হারের হ্যাটট্রিকের পর পুরো চালচিত্রই বদলে গিয়েছে। স্বয়ং পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারই গভীর চিন্তায় পড়ে গিয়েছেন।
পাঞ্জাবের সর্বশেষ হার কপালে জুটেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ৩৩ রানে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার বলে দিয়েছেন, "টুর্নামেন্টে আমাদের স্বপ্নের শুরু হয়েছিল। সবাই দারুণ ফুরফুরে ছিল। কিন্তু তার পর থেকে আমরা যেভাবে খেলে চলেছি, সেই ফর্ম চললে কপালে দুঃখ আছে।"
সানরাইজার্সের বিরুদ্ধে ফিল্ডিংও প্রবল ভুগিয়েছে কিংসকে। ক্যাচ পড়েছে। স্টাম্পিং মিস হয়েছে। "আমরা যদি ক্যাচগুলো না ফেলতাম, তা হলে অন্তত তিরিশ থেকে চল্লিশ রান কম তুলত ওরা। পিচটা পরের দিকে মন্থর হয়ে গিয়েছিল। সানরাইজার্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কীভাবে ম্যাচ জিততে হয়,” সঙ্গে যোগ করেছেন শ্রেয়স।
হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাবের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে একমাত্র উজ্জ্বল দিক-কুপার কোনলির অপরাজিত সেঞ্চুরি। যিনি তিন নম্বরে নেমে পাঞ্জাব জার্সিতে একের পর এক স্মরণীয় ইনিংস খেলে চলেছেন। "কনলি এই মরশুমে দারুণ খেলছে। ওর মানসিকতা দেখার মতো। টিমের বাকি প্লেয়াররা কনলিকে দেখে শিখতে পারে। কনলির একটা বড় গুণ হল, চাপের পরিস্থিতিতে রান করতে পারে,” বলে দিয়েছেন শ্রেয়স।
