shono
Advertisement
IPL 2026

‘সোশাল মিডিয়াই সবচেয়ে আনসোশাল’, ক্রিকেটারদের 'বেলেল্লাপনা'য় কড়া আইপিএল চেয়ারম্যান

বহু ঘটনাই প্রশ্ন তুলেছে নিয়মকানুন নিয়ে। আইপিএলে কি সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে? এই বিষয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
Published By: Prasenjit DuttaPosted: 02:27 PM May 18, 2026Updated: 02:27 PM May 18, 2026

চলতি আইপিএলে বারবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠছে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের সাজঘরে ধূমপান, ডাগআউটে বসে ম্যানেজার রোমি ভিন্দরের মোবাইল ব্যবহার থেকে ম্যাচ শেষে পাঞ্জাব পেসার অর্শদীপ সিংয়ের রিল বানানো, এই সব ঘটনাই প্রশ্ন তুলেছে নিয়মকানুন নিয়ে। আইপিএলে কি সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে? এই বিষয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সোশাল মিডিয়ায় যা দেখা যায়, তা সব সময় সত্যি হয় না। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, ক্রিকেটের সম্মান যাতে কোনওভাবে ক্ষুণ্ণ না হয়। যা ঘটে তার থেকে অনেক বেশি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে।" বিসিসিআই ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। রিয়ান ও ভিন্দরকে জরিমানা করা হয়েছে। অর্শদীপকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সব দলকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই কিছু নিয়ম চালু হয়েছে। প্রত্যেক দল ও ক্রিকেটারকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেওয়া হয়েছে। ধুমালের সংযোজন, "কিছু নিয়ম করা হয়েছে। আমি নিশ্চিত, প্রতিটা দল তাদের ভূমিকা সম্পর্কে অবগত। এমনকী ক্রিকেটাররাও তাঁদের ভূমিকা সম্পর্কে সচেতন। আইপিএলের মতো প্রতিযোগিতায় কোনও নেতিবাচক প্রভাব পড়লে তার প্রভাব বোর্ডের উপরেও পড়বে। ক্রিকেটারেরাও তার বাইরে নয়। তাই নিজেদের ভালো তাদেরই বুঝতে হবে।"

এরপর কড়া সুরে তিনি বলেন, "সোশাল মিডিয়াই এখন সবচেয়ে আনসোশাল। আমি নিজে খুব একটা ব্যবহার করি না। কিন্তু এটা সোশাল মিডিয়ারই যুগ। তাই কাউকে আটকানোও সম্ভব নয়। তার মধ্যেই সবাইকে নিজের ভালো বুঝতে হবে।" বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বিষয়ে বিতর্কের মুখে পড়েছে আইপিএল। কিংবা ধূমপান নিয়ে চরম বিতর্ক হয়েছে। সেসব নিয়ে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টকে ৮ পাতার দীর্ঘ নির্দেশিকা পাঠিয়েছে বোর্ড। ভবিষ্যতে এমন ঘটনা বাড়লে নিয়ম আরও কঠোর হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে উঠে এল আইপিএল চেয়ারম্যানের মন্তব্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement