আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন। কিন্তু সকলকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। তিনিই এবারের আইপিএলের প্রধান আকর্ষণ। এমনই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ৮.৪ কোটি টাকায় কিনেছে জম্মু-কাশ্মীরের পেসারকে।
মঙ্গলবার নয়ডায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ (Sourav Ganguly) বলেন, "এবারের আইপিএলে অনেক তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভার পরিচয় রাখার সুযোগ পেয়েছে। তবে আমি এবারের আইপিএলে আকিব নবিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।” তিনি আরও জানিয়েছেন, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, আয়ুষ মাত্রে, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদবের দিকেও নজর থাকবে। তাঁর বক্তব্য, “ওরা প্রত্যেকেই তরুণ। ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মারও তরুণ। সবথেকে বড় কথা, ওরা সবাই দুর্দান্ত ফর্মে আছে।"
তিনি একইসঙ্গে জানিয়েছেন, ক্রিকেট দুনিয়ায় এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। তবু টেস্ট ক্রিকেটই আসল। টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "আমার মতে, টেস্ট ক্রিকেটই হল আসল ফরম্যাট। কারণ, এখানে একদিনে একজন বোলারকে ২০-২৫ ওভার বল করতে হয়। সেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বোলারকে বল করতে হয় মাত্র ৪ ওভার। চার ওভার করাটা সহজ। মানের দিক থেকে যদি বলেন, তা হলে বলব, এখানে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা কম। কিন্তু আকর্ষণের দিক থেকে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তিন-চার ঘণ্টায় চার-ছক্কার বন্যা। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের কাছে টেস্ট ক্রিকেট সবসময়ই আলাদা মাত্রা বহন করে। তরুণ ক্রিকেটারও টেস্ট খেলতে চায়। তাই টেস্ট ক্রিকেটই হল ক্রিকেটের সবথেকে শক্তিশালী ফরম্যাট।”
সৌরভ সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করেছিলেন। এই টুর্নামেন্টে সৌরভের দল রানার্স হয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, সুযোগ পেলে ভবিষ্যতে ফের কোচিং করাতে আগ্রহী। তিনি বলেন, "আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রিকেট। যখন ক্রিকেট খেলতাম, তখন ব্যাট, বল করেছি। একটা সময় জাতীয় দলের অধিনায়কত্বও করেছি। এখন বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িয়ে আছি। আমি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে চাই।" সম্প্রতি ইমপ্যাক্ট প্লেয়ার রাখার নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ব্যাপারে সৌরভ বলেন, "ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকবে। আমি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম তখনই নিয়মটা চালু হয়েছিল। হঠাৎ করে তুলে দেওয়াটা ঠিক হবে না। কেউ নিয়ম পছন্দ করবে, কেউ করবে না। কেউবা সমালোচনাও করবে। দিনের শেষে ভালো ক্রিকেটাররা নিজেদের ঠিক প্রমাণ করবে।"
