shono
Advertisement
IPL 2026

পেটের সমস্যা কাটিয়ে সুস্থ হচ্ছেন নারিন! লখনউ ম্যাচের আগে সুখবর নাইট শিবিরে

বৃষ্টিতে পাঞ্জাব ম্যাচ বাতিল হওয়ায় পয়েন্টের খাতা খুলেছে কেকেআর। তবে তার সঙ্গে কটাক্ষও হজম করতে হচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের।
Published By: Subhajit MandalPosted: 01:40 PM Apr 08, 2026Updated: 03:11 PM Apr 08, 2026

বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কেকেআরের (KKR)। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল সোমবার। বৃষ্টির জন্য সে ম্যাচে আবার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সুযোগও পাননি অজিঙ্ক রাহানেরা। মঙ্গলবারও অনুশীলন শুরুর পৌনে এক ঘন্টার মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য করল 'বেরসিক' বৃষ্টি।

Advertisement

অবশ্য পাঞ্জাব ম্যাচে অধিনায়ক রাহানের একাধিক সিদ্ধান্ত 'আত্মঘাতী' হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি বৃষ্টির জন্য। এদিনও পুরোদমে শুরুর আগেই অনুশীলন পর্ব শেষ হওয়ায় কিছুটা মুখরক্ষা হল তাঁর। যেমন সুনীল নারিনের (Sunil Narine) অসুস্থতা এবং বরুণ চক্রবর্তীর চোটের ইস্যু। রবিবার বৃষ্টির জন্য ইডেনের ইন্ডোর খুলিয়ে অনুশীলন সেরেছিলেন বরুণ। পাঞ্জাব ম্যাচের ওয়ার্ম আপ চলার সময় নেটে বোলিং করছিলেন নারিন। সেখানে টসের সময় বেমালুম অসুস্থতা আর চোটের জন্য দুই তারকা স্পিনার নেই বলে শুনিয়ে দিয়েছিলেন রাহানে। এদিন ইডেনে সেই নারিনই ফের বোলিং শুরু করলেন চেনা ছন্দে।

দেখে বোঝার উপায় নেই, একদিন আগে তাঁকেই 'অসুস্থ' তকমা দিয়ে দলের বাইরে পাঠানো হয়েছিল। দল সূত্রে খবর, পেটে কিছু সমস্যা হচ্ছে নারিনের। তবে তিনি এখন অনেকটা ঠিক আছেন। বরুণ আবার ওয়ার্ম আপ শুরু করেছিলেন। তবে তিনি বোলিং করার আগে বৃষ্টি এল। বন্ধ হল প্র্যাকটিস। নারিনের পর 'চোটগ্রস্ত' বরুণও যদি বোলিং শুরু করতেন, সেক্ষেত্রে অধিনায়ক রাহানের দাবির ভিতও যে আরও নড়বড়ে হত, বলাই বাহুল্য। সোমবার রাতেই টিমের সঙ্গে সাক্ষাৎ করেন শাহরুখ খান। এদিন দুপুরে শহর ছাড়ার আগে দলের প্রত্যেকের সঙ্গে কেকেআর মালিক আলাদাভাবে কথাও বলেন বলে খবর।

বৃষ্টিতে পাঞ্জাব ম্যাচ বাতিল হওয়ায় পয়েন্টের খাতা খুলেছে কেকেআর। তবে তার সঙ্গে কটাক্ষও হজম করতে হচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার যেমন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, 'আমাদের পাঞ্জাবিদের হৃদয় বিশাল, তাই এক পয়েন্ট দিয়ে দিলাম।' খোঁচার লক্ষ্য যে শ্রেয়সের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি, বুঝতে অসুবিধা হয় না। কেকেআর অবশ্য পাঞ্জাব ম্যাচ ভুলে আপাতত ফোকাস করছে লখনউ সুপার জায়ান্টসে। বৃহস্পতিবার ঘরের মাঠে যাদের বিরুদ্ধে ক্যামেরন গ্রিনের বোলিং শুরুর সম্ভাবনা প্রবল। এদিনও আধ খ্যাচড়া নেট সেশনে অধিকাংশ সময় মাঝের নেটে হাত ঘোরালেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। সঙ্গে নিলেন বোলিং কোচ টিম সাউদির পরামর্শও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement