তাঁর ব্যাটে ভর করেই বুধবার অনায়াসে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার তাঁর মন্থর ব্যাটিং নিয়ে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। ৩৮ বলে ৫০ রানের ইনিংস দেখে নিন্দুকরা বলেছিল, ফেরারি চালানোর মতো পিচে অটো চালিয়েছেন। মাত্র তিনদিনের মধ্যেই ছবিটা ঘুরে গিয়েছে। বুধবার তাঁর ৩৪ বলে ৪৯ রানের ইনিংস রীতিমতো প্রশংসিত। কিন্তু ওই ইনিংসের পরও বিরাটের (Virat Kohli) কথা ভাবাচ্ছে তাঁর ভক্তকুলকে। কিং কোহলি বলছেন, তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।
আসলে রবিবার মুম্বই ম্যাচে চোট পেয়েছিলেন বিরাট। তারপর ফিটনেসের জন্যই বুধবার প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। খেলতে নামলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। যদিও ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নেমেও নিজের ইমপ্যাক্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। স্কোরবোর্ডে তাঁর নামের পাশে লেখা রইল ৩৪ বলে ৪৯ রান। হাফসেঞ্চুরি না করেও অরেঞ্জ ক্যাপ তালিকায় সকলের উপরে উঠে এলেন কিং কোহলি। কিন্তু তারপর যা বললেন তাতে সমর্থকদের মাথায় হাত।
বিরাটকে বলতে শোনা গেল, "আমি এখনও ১০০ শতাংশ ফিট নই। তবে হ্যাঁ, আগের চেয়ে ভালো আছি। আগের ম্যাচে হাঁটুটা ফুলে ছিল। তাছাড়া গত চার-পাঁচদিন শরীরটাও ভালো যাচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ নই। তবে নিজের সেরা ফিটনেসের দিকেই এগোচ্ছি। আজও শুরুটা ভালো করেছিলাম। ম্যাচটা শেষ করতে পারলে আরও ভালো লাগত।" বিরাটের এই ফিটনেস আপডেট খানিকটা হলেও চিন্তায় রাখবে আরসিবি সমর্থকদের।
এসবের মধ্যেই অবশ্য বুধবারের ম্যাচের শেষে একটা সৌজন্যের ছবি চোখে পড়েছে। ম্যাচের শেষে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে খোশগল্প করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এমনিতে সঞ্জীব গোয়েঙ্কার ভাবমূর্তি ক্রিকেটীয় সার্কিটে বিশেষ উজ্জ্বল নয়। অতীতে কেএল রাহুল, ঋষভ পন্থদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই গোয়েঙ্কা বিরাটের সঙ্গে হাসিমুখেই কথা বলেছেন।
