shono
Advertisement
Virat Kohli

IPL 2026 RCB vs LSG: 'চেজমাস্টার' বিরাটের ঝড়, পেসারদের আগুনে লখনউকে উড়িয়ে দিল আরসিবি

Published By: Anwesha AdhikaryPosted: 10:49 PM Apr 15, 2026Updated: 10:59 PM Apr 15, 2026

লখনউ সুপার জায়ান্টস: ১৪৬ (মার্শ ৪০, মুকুল ৩৯, রশিখ ৪/২৪, ভুবনেশ্বর ৩/২৭)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৪৯/৫ (বিরাট ৪৯, রজত ২৭, প্রিন্স ৩/৩২)
পাঁচ উইকেটে জয়ী আরসিবি

Advertisement

খোঁচা খাওয়া বাঘ আরও ভয়ংকর। কথাটা যে কতখানি সত্যি সেটা বুধবার প্রমাণ করে দিলেন বিরাট কোহলি। এদিন প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। খেলতে নামলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, খেলায় তাঁর ইমপ্যাক্ট কতখানি। কিং কোহলি ঝোড়ো ব্যাটিংয়েই এদিন লখনউকে হারিয়ে দিল আরসিবি। সটান চলে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।

বুধবার টসে জেতেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তিনি প্রথম একাদশ ঘোষণা করতেই ক্রিকেটপ্রেমীদের চক্ষু চড়কগাছ। কারণ টিম লিস্টে প্রথম এগারোজনের মধ্যে বিরাটের নামই নেই। তবে পারফরম্যান্স নয়, সম্ভবত চোটের কারণেই এদিন প্রথম একাদশে বিরাটকে রাখা হয়নি। প্রথমে বল করতে নেমে লখনউ ব্যাটিংয়ের উপর কার্যত বুলডোজার চালিয়ে দেয় বেঙ্গালুরুর বোলিং লাইন আপ। সপ্তাহখানেক আগে ইডেনে কেকেআরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের আড়ালে চাপা পড়ে গিয়েছিল ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতার ছবিটা। বুধবার সেটা প্রকট হয়ে উঠল আরসিবির বিরুদ্ধে।

ওপেন করতে নেমে ৩২ বলে ৪০ রান করেন মিচেল মার্শ। এদিন সেটাই লখনউয়ের সর্বোচ্চ স্কোর। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ঝড় তোলা মুকুল চৌধুরী এদিন ২৮ বলে ৩৯ রান করলেন। ২৪ বলে ৩৮ রান এল আয়ুষ বাদোনির ব্যাট থেকে। কিন্তু বাকিরা সকলেই ব্যর্থ। পন্থও ২৭ কোটি দামের প্রতি সুবিচার করতে পারছেন না। একটা ম্যাচে হাফসেঞ্চুরি ছাড়া চলতি আইপিএলে কিছুই করে উঠতে পারেননি। বুধবার ব্যাট করতে নেমে চার বল খেলেই মাঠ ছেড়ে চলে যান। ১৬তম ওভারে ফের ব্যাট করতে নামেন সবমিলিয়ে ৬ বল খেলে লখনউ অধিনায়কের সংগ্রহ মাত্র ১ রান। ২০ ওভারের শেষে ১৪৬ রানে অলআউট হয়ে যায় লখনউ।

ইমপ্যাক্ট প্লেয়ার বিরাট কোহলি ওপেন করতে এসেই ঝড় তুললেন। টার্গেট ছোট হলেও এদিন চিন্নাস্বামীর কঠিন পিচে রান তোলাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু চেজমাস্টার বিরাট এসে সেই কাজটা সহজ করে দিলেন। ১৪৭ রানের মধ্যে ৬০ রান পাওয়ার প্লে'তেই তুলে ফেলল আরসিবি। নেপথ্যে বিরাটের ২০ বলে ৪০ রানের ঝড়। শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি হাঁকাতে গিয়ে উইকেট খোয়ালেন। ৪৯ রানে থামল বিরাটের ইনিংস। তাঁর গড়ে দেওয়া মঞ্চে একের পর এক ক্যামিও উপহার দিলেন পাতিদার (২৭), জিতেশ শর্মা (২৩), টিম ডেভিডরা। অনায়াস ভঙ্গিতে এদিন জিতে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement