বয়স ৩৬। চার বছর হয়ে গেল ভারতের দলে নেই। সম্ভবত আর ডাকও পাবেন না। তাতে কি? আইপিএলে আগুনে ফর্ম জারি রেখেছেন ভুবনেশ্বর কুমার। চলতি আইপিএলে আরসিবি'র জার্সিতে ১৭টি উইকেট হয়ে গেল। ফের তাঁর মাথায় পার্পল ক্যাপ। তাহলে কি ফের টি-টোয়েন্টি দলে ডাকা উচিত ভুবিকে? দেশের ক্রিকেটভক্তরা সেটাই চাইছেন। একই মত বীরেন্দ্র শেহওয়াগের। তবে পার্পল ক্যাপ নিয়ে ভুবনেশ্বর ভাবছেন না। তাঁর বক্তব্য, বয়স হয়েছে। ব্যক্তিগত প্রাপ্তি নিয়ে আর ভাবেন না।
বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪ উইকেটে হেরেছে বেঙ্গালুরু। তার মধ্যেও ২৮ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন ভুবি। তাঁর সুইং সামলাতে হিমশিম খাচ্ছেন তরুণ ব্যাটাররা। যা দেখে মুগ্ধ শেহওয়াগের। পুরনো দিনের কথা মনে পড়ছে বীরুর। তিনি বলছেন, "প্রতি ম্যাচে ও ২-৩টে করে উইকেট তুলছে। ৩৫-৩৬ বছর বয়স হোক না, আমার মনে হয় নির্বাচকদের উচিত ভুবনেশ্বরকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরানোর কথা ভাবা। বুমরাহ ও ভুবনেশ্বরের জুটিটা ফের শক্তিশালী হবে। যেন পুরনো ভুবনেশ্বরকে দেখা যাচ্ছে।"
২০১৬ ও ২০১৭ সালে বেগুনি টুপি জিতেছিলেন ভুবনেশ্বর। এবারও সেটার দৌড়ে। যা নিয়ে ভুবনেশ্বর নিজেই বলছেন, "পার্পল ক্যাপ পেয়ে ভালোই লাগছে। কিন্তু ব্যক্তিগত প্রাপ্তি নিয়ে ভাবার সময় পেরিয়ে এসেছি। অবশ্যই জিততে চাই, তবে সেটা দলের জন্য। আমি এখন আর তরুণ নই। বয়স কম থাকলে এই ব্যক্তিগত পুরস্কারগুলো জেতার তাগিদ থাকে। এখন দলের সাফল্যে অবদান থাকলে ভালো লাগে। সত্যি কথা বলতে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ম্যানেজমেন্টও আত্মবিশ্বাস দিচ্ছে।"
