shono
Advertisement
Chinnaswamy Stadium

পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের, এক বছর বাদে সেই মাঠেই আইপিএলের ফাইনাল!

দিন কয়েক আগে পর্যন্ত একটি ম্যাচও হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল, এখন শোনা যাচ্ছে ৭টি ম্যাচ পাবে ওই স্টেডিয়াম।
Published By: Subhajit MandalPosted: 06:25 PM Mar 03, 2026Updated: 06:25 PM Mar 03, 2026

কপাল সম্ভবত একেই বলে। দিন কয়েক আগে পর্যন্ত বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের একটি ম্যাচও হবে কিনা তাই নিয়ে সংশয় ছিল। এবার শোনা যাচ্ছে, শুধু আইপিএলের ম্যাচ পাওয়াই-নয়। ফাইনাল এবং প্লে-অফও পেতে চলেছে চিন্নাস্বামী। সব মিলিয়ে কোটি টাকার লিগের ৭ ম্যাচ পাবে বিরাটদের হোম গ্রাউন্ড।

Advertisement

গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭। মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি শুরু হয় কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে।

সবশেষে মাসখানেক আগেই চিন্নাস্বামীকে ম্যাচ আয়োজনের ছাড়পত্র দিয়েছে কর্নাটক সরকার। তবে একাধিক শর্ত চাপানো হয়। যদিও সেসব শর্ত মেনে নিয়েই চিন্নাস্বামীতে নিজেদের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। সমস্যা হল, এর মধ্যে আরসিবি বিকল্প ভেন্যু ঠিক করে ফেলেছিল। কিন্তু চিন্নাস্বামী ছাড়পত্র পেতেই পুরনো মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

এবার ফ্র্যাঞ্চাইজির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইপিএলের ৭টি হোম ম্যাচের মধ্যে পাঁচটি তারা খেলবে চিন্নাস্বামীতে। দু'টি ম্যাচ খেলবে ছত্তিশগড়ের বীর বাহাদুর সিং স্টেডিয়ামে। অর্থাৎ চিন্নাস্বামী পাঁচটি আইপিএলের ম্যাচ পাচ্ছেই। সেই সঙ্গে মিলবে বোনাসও। নিয়ম অনুযায়ী, আইপিএলে যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বার সেই দলের ঘরের মাঠেই আয়োজিত হয় ফাইনাল। এবারও ব্যতিক্রম হচ্ছে না। আইপিএলের ফাইনালও পাবে চিন্নাস্বামী। সেই সঙ্গে প্লে-অফের একটি ম্যাচও পাবে। অর্থাৎ একবছর আগে অভিশপ্ত দিন ভুলে ফের ২২ গজের জমজমাট লড়াই দেখবে বেঙ্গালুরুর মাঠটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement