shono
Advertisement
Jasprit Bumrah

ফের র‌্যাঙ্কিং শীর্ষে বুমরাহ, টি-২০-তে অভিষেককে সরিয়ে সিংহাসনে আরেক ভারতীয়

আইসিসি ক্রমতালিকায় ভারতের জয়জয়কার।
Published By: Prasenjit DuttaPosted: 04:45 PM Jul 01, 2026Updated: 04:59 PM Jul 01, 2026

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং ভারতের জয়জয়কার। তবে এক বছর পর সিংহাসন খোয়ালেন অভিষেক শর্মা। তাঁকে সরিয়ে 'শ্রেষ্ঠ আসনে' টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান। 'শর্মা জি কা বেটা'র চেয়ে ঈশান এগিয়ে ৭ রেটিং পয়েন্টে। টেস্ট আবারও এককভাবে শীর্ষে ভারতীয় বোলিংয়ের 'ফিগারহেড' জশপ্রীত বুমরাহ।

Advertisement

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ঈশান। গোটা টুর্নামেন্টে করেছিলেন ৩১৭ রান। স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ফাইনালে খেলেছিলেন ২৫ বলে ৫৪ রানের দুর্ধর্ষ ইনিংস। এখন তাঁর রেটিং পয়েন্ট ৮৭৬। দ্বিতীয় স্থানে থাকা অভিষেকের রেটিং ৮৬৯। র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা হয়ে নয়া নজিরও গড়লেন ঈশান। ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছলেন তিনি। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও অভিষেক শর্মা।

ঈশান কিষান ও অভিষেক শর্মা। ছবি এক্স।

অন্যদিকে, ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের 'পুরস্কার' পেয়েছে আয়ারল্যান্ডও। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে লোরকান টাকার চার ধাপ এগিয়ে ৭৭ এবং রস অ্যাডায়ার ছয় ধাপ এগিয়ে ৮৪-তে পৌঁছেছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের বাঁহাতি পেসার ম্যাথিউ হামফ্রিস ২ ম্যাচে ৪ উইকেট পান। এর ফলে ২৫ নম্বরে পৌঁছেছেন তিনি। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। শিবম দুবে অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে সাত নম্বরে। আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি ও হ্যারি টেক্টর যথাক্রমে ২৪ ও ৩৮ নম্বরে।

অন্যদিকে, টেস্টে প্রথমবারের মতো বিশ্বের ক্রমতালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে রান পাননি ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট। এর ফলে শীর্ষে উঠে আসেন অজি তারকা। ব্রুক ও রুট নেমে গিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। ব্যাটিংয়ে রাচীন রবীন্দ্র সপ্তম, ড্যারিল মিচেল একাদশ, ডেভন কনওয়ে ১৪ ধাপ এগিয়ে যৌথভাবে ১৫ নম্বরে। টম ল্যাথাম ৩১-এ পৌঁছেছেন।

৮৭০ রেটিং নিয়ে টেস্ট আবার এককভাবে শীর্ষে জশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে পিছনে ফেলেছেন তিনি। কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে ছ’ধাপ উঠে কিউয়ি পেসার ম্যাট হেনরি বুমরাহর সঙ্গে একাসনে বসেছিলেন। কিউয়ি পেসারের রেটিং এখন ৮৬১। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার পরও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস তৃতীয় স্থানে। এদিকে অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দুই ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ ও কেমার রোচ। সর্বশেষ টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে জোসেফ যৌথভাবে ১৪ এবং রোচ ১৭ নম্বরে উঠে এসেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement