shono
Advertisement
FIFA World Cup 2026

দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক

দেশের নানা প্রান্তের মানুষ পথে নেমে পড়েন ম্যাচ শেষ হতেই। অন্তত কয়েক লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। বাজি ফাটিয়ে, পতাকা উড়িয়ে প্রিয় দলের জয় সেলিব্রেট করেছেন সকলে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:20 PM Jul 01, 2026Updated: 06:20 PM Jul 01, 2026

বিশ্বকাপের নকআউট পর্বে জয়, দীর্ঘ ৪০ বছর পরে। ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আয়োজক দেশ মেক্সিকো। জাতীয় ফুটবল দলের এহেন সাফল্যে উচ্ছ্বসিত মেক্সিকোবাসী। পথে নেমে বিজয়মিছিলে শামিল হয়েছেন আমজনতা। কিন্তু সেই আনন্দোৎসবেই নামল শোকের আঁধার। জানা গিয়েছে, বিজয় মিছিলে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রের দাবি, মৃতের সংখ্যা আরও বেশি।

Advertisement

রাজধানী মেক্সিকো সিটি-সহ দেশের নানা প্রান্তের মানুষ পথে নেমে পড়েন ম্যাচ শেষ হতেই। অন্তত কয়েক লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। বাজি ফাটিয়ে, পতাকা উড়িয়ে প্রিয় দলের জয় সেলিব্রেট করেছেন সকলে। সেই বিজয়োল্লাসের ছবি ফিফার তরফ থেকে শেয়ারও করা হয়েছে। কিন্তু কয়েকঘণ্টা পরেই মেক্সিকো সিটির প্রশাসন জানিয়েছে, অন্তত দু'জনের মৃত্যু হয়েছে বিজয়োল্লাসে। মৃতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সি তরুণী এবং ৪৪ বছর বয়সি এক ব্যক্তি। আরও অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর।

মেক্সিকো সিটি প্রশাসনের তরফে জানানো হয়েছে, শহরের নানা প্রান্তে ঘটেছে মর্মান্তিক ঘটনা। ভিড়ের মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের। হাসপাতালে নিয়ে গিয়ে সমস্তরকম চিকিৎসা সত্ত্বেও তাঁদের বাঁচানো যায়নি। মেক্সিকো সিটি প্রশাসনের প্রধান ক্লারা ব্রুগাডা মোলিনা সমবেদনা জানিয়েছেন প্রয়াতদের পরিবারকে। সেই সঙ্গে তাঁর বার্তা, প্রবল আনন্দ হলেও বিজয়োল্লাসের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে আমজনতাকে।

উল্লেখ্য, প্রিয় দলের জয় উদযাপন করতে গিয়ে মর্মান্তিক পরিণতির উদাহরণ রয়েছে ভারতেই। গতবছর প্রথমবার আইপিএল জেতে আরসিবি। তারপর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভিড় জমান আরসিবি ভক্তকুল। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার জেরে বেশ কিছু পদক্ষেপ করা হয় ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবার সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরল মেক্সিকোয়। উল্লেখ্য, ইংল্যান্ড বা কঙ্গোর বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ খেলতে হবে আয়োজক দেশকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement