shono
Advertisement
Kylian Mbappe

'মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই', ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। নতুন নজিরও গড়েছেন কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে তিনি জানিয়ে দিলেন, ব্যক্তিগত রেকর্ড নয়, তাঁর একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা।
Published By: Prasenjit DuttaPosted: 06:11 PM Jul 01, 2026Updated: 06:12 PM Jul 01, 2026

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। নতুন নজিরও গড়েছেন কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে তিনি জানিয়ে দিলেন, ব্যক্তিগত রেকর্ড নয়, তাঁর একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা। তাই লিওনেল মেসি কত গোল করছেন, তা নিয়ে মোটেও ভাবতে চান না।

Advertisement

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৯ গোল করে এগিয়ে রয়েছেন মেসি। তাঁর ঠিক পরেই এমবাপে। তাঁর গোলসংখ্যা ১৮। মেসি-এমবাপে দ্বৈরথ নিয়ে প্রশ্ন উঠতেই ফরাসি তারকা বলেন, "গোল করেছি, কারণ ১৯ জুলাই ফাইনাল খেলতে এখানে (নিউ জার্সি) ফিরতে চাই। আমরা প্রত্যেক ম্যাচ জয়ের লক্ষ্যে খেলছি। এক ধাপ করে এগোচ্ছি। যত বেশি গোল করব, ততই র‌্যাঙ্কিংয়ে এগোব। কাউকে নতুন কিছু শেখাতে আসিনি।"

মেসির সঙ্গে গোলের লড়াই নিয়েও নির্লিপ্ত এমবাপে। তাঁর কথায়, "আমি জানি, লিও আরও অনেক গোল করবে। কিন্তু সেটার দিকে নজর দিতে চাই না। আমি দেখতে চাই ভবিষ্যতে আমাদের প্রতিপক্ষ কারা হতে পারে এবং আমরা ফাইনালের কতটা কাছে পৌঁছেছি।" প্রি-কোয়ার্টারে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। জার্মানিকে হারিয়েছে যারা। তবে প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ভাবছেন না এমবাপে। "আমাদের আরও পরিশ্রম করতে হবে। প্যারাগুয়ের বিরুদ্ধে কতটা উন্নতি করতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। এখনও অনেক জায়গায় খামতি রয়েছে। সেগুলো শুধরে নিতে হবে। তবে দলের মানসিকতা ইতিবাচক। আমাদের গোল করার ক্ষমতা আছে। তাই প্রত্যেক ম্যাচ জয়ের বিশ্বাস রাখি।" বলছেন ফরাসি তারকা।

মায়ের মৃত্যুর পর এই ম্যাচেই ফ্রান্সের ডাগআউটে ফিরেছিলেন কোচ দিদিয়ের দেশঁ। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও আক্ষেপের কথা শোনালেন তিনি। দেশঁর কথায়, "যেটা দরকার ছিল, সেটাই করেছি আমরা। তবে প্রথম ১৫ মিনিট ভালো খেলতে পারিনি। তারপর অনেক সুযোগ তৈরি করেছি। তবে প্রথমার্ধে সেগুলো কাজে লাগাতে না পারাটাই আমার আক্ষেপ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement