আইপিএলে ফের অজি দায়িত্বজ্ঞানহীনতা! চোটের কারণে এখনও পর্যন্ত আইপিএলে খেলতে নামেননি প্যাট কামিন্স। কিন্তু দলের দু'টো ম্যাচ হতেই তিনি পাড়ি দিলেন অস্ট্রেলিয়া। আগেই জানা গিয়েছিল আইপিএলের প্রথম পর্বে বল করতে পারবেন না অজি অধিনায়ক। তবে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট চলাকালীনই কামিন্স চলে গেলেন সানরাইজার্স হায়দরাবাদ শিবির ছেড়ে।
১৮ কোটি টাকায় কামিন্সকে রিটেন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলেননি কামিন্স। বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধেও মাঠে নামেননি। আসলে টুর্নামেন্ট শুরুর আগেই জানা গিয়েছিল, আইপিএলের প্রথম পর্বের কোনও ম্যাচেই তাঁকে দেখা যাবে না। দ্বিতীয় পর্বে মাঠে নামতে পারেন কামিন্স। কিন্তু শনিবার জানা গেল, ভারত থেকেই চলে যাচ্ছেন তিনি। আপাতত সপ্তাহদুয়েক কামিন্স থাকবেন অস্ট্রেলিয়ায়। এপ্রিল মাসের মাঝামাঝি হয়তো ভারতে ফিরতে পারেন অজি পেসার।
কিন্তু আচমকা কামিন্স দেশে ফিরলেন কেন? সূত্রের খবর, কামিন্সের পিঠের চোটের চিকিৎসার দায়িত্বে রয়েছে অজি বোর্ড। তাই শারীরিক পরীক্ষা করাতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে হয়েছে তারকা পেসারকে। তিনি এতদিন হায়দরাবাদ শিবিরে অনুশীলন করেছেন। ম্যাচে বল করার মতো ফিটনেস হয়েছে কিনা, সেই পরীক্ষা হবে অস্ট্রেলিয়ায়। সূত্রের খবর, যাবতীয় পরীক্ষা শেষ হয়ে ফলাফল বেরতে এপ্রিলের অর্ধেক গড়িয়ে যাবে। সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল দলের সঙ্গে যোগ দিতে পারেন কামিন্স। হয়তো সেসময় থেকে বল করতে পারবেন।
গোটা ঘটনাক্রমে আবারও প্রশ্ন উঠছে অজি বোর্ডের ভূমিকা নিয়ে। আসলে চলতি আইপিএলে কামিন্স, ক্যামেরন গ্রিন-সহ একঝাঁক অজি ক্রিকেটারকে নিয়ে নির্দেশিকা জারি করেছে অজি বোর্ড। কাউকেই আইপিএলের প্রথম পর্বে বল করানো যাবে না বলে জানিয়ে দিয়েছে তারা। প্রশ্ন উঠছে, বিপুল অর্থ খরচ করে কেনা ক্রিকেটারদের হাত-পা যদি বোর্ডের নির্দেশ মেনে বাঁধা থাকে, তাহলে এই ক্রিকেটারদের দলে রেখে কী লাভ? কামিন্সের ঘটনায় চিন্তার ভাঁজ পড়তে পারে কেকেআর ভক্তদের কপালেও। অনেকে মনে করছেন, গ্রিনকেও ফিটনেস পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় ডেকে পাঠানো হবে না তো?
