মহিলাদের এশিয়া কাপ শুরুর আগে বড়সড় ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য। চোটের জন্য ছিটকে গেলেন তারকা ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ। শুধু এশিয়া কাপ নয়, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এশিয়ান গেমসেও খেলতে পারবেন না জেমি। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে ওপেনার প্রতীকা রাওয়ালকে। উল্লেখ্য, গতবছর ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল জেমাইমার।
২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। ৩০ আগস্ট থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ। ৫ সেপ্টেম্বর ভারত-পাক মহারণ। ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ওমেন্স ইন ব্লু। এরপর আছে এশিয়ান গেমস। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এশিয়াডে ক্রিকেট টুর্নামেন্ট। ভারত এই প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন।
দুই লড়াইয়েই জেমাইমাকে পাবে না টিম ইন্ডিয়া। ইংল্যান্ডে 'হানড্রেড' ক্রিকেট খেলতে গিয়ে চোট পান জেমি। ৩ আগস্ট ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। বিসিসিআই মেডিক্যাল দলের অধীনে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চিকিৎসা চলছে। 'হানড্রেড' লিগে সাউদার্ন ব্রেভ দলের হয়ে খেলছিলেন ভারতীয় তারকা। প্রায় ৭৫ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ৬ ম্যাচে ১৪৩ রান করে দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন জেমি।
উল্লেখ্য, গতবছর ভারতের ওয়ানডে বিশ্বকাপ ট্রফিজয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। সেমিফাইনালে ৩৩৮ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে জেমাইমার বদলে ডাক পেয়েছেন প্রতীকা রাওয়াল। যিনি কি না ওই বিশ্বকাপের মাঝেই চোট পেয়ে ছিটকে যান।
