১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড। টানা পাঁচ ওভারে পাঁচ উইকেট। আর প্রত্যেকটিই মেডেন ওভার। এই বিরল কৃতিত্বের নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদ ও তোবাগোয় ব্রায়ান লারার নামাঙ্কিত স্টেডিয়ামে ক্যারিবিয়ান বোলারের দাপটে চাপে পাকিস্তান।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৩১১। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা বেশ ভালোই ছিল। কিন্তু গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত নাস্তানাবুদ হতে হয় পাক ব্যাটারদের। শুরুর দিকে একটু বেশি রানই দিচ্ছিলেন গ্রিভস। সপ্তম ওভারে বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বোল্ড করে ড্রেসিংরুমে ফেরান সেঞ্চুরি করা শান মাসুদকে। নিজের পরের ওভারে এসে তুলে নেন আমির জামালের উইকেট।
এখানেই শেষ নয়। এরপর ইনিংসের ৬৮, ৭০ ও ৭২তম ওভারে বল করতে এসে প্রতি ওভারেই একটি করে উইকেট নেন গ্রিভস। একে একে ড্রেসিংরুমের পথ ধরান আলি উসমান, মহম্মদ রিজওয়ান ও মহম্মদ আব্বাসকে। অর্থাৎ নিজের টানা পাঁচ ওভারে কোনও রান না দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন গ্রিভস। তাঁর বোলিংয়ে ধসে পড়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ১১ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট তোলেন। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২৮২ রানে। ওয়েস্ট ইন্ডিজ লিড পায় ২৯ রানের।
তবে খুব একটা স্বস্তিতে নেই ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে তারা। ৩ উইকেট হাতে থাকলেও এগিয়ে আছে মাত্র ১৫৫ রানে।
