shono
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

এবার কোচের আসনে অশ্বিন, সঙ্গে আরও এক দায়িত্বে, প্রাক্তন স্পিনারকে পেয়ে উচ্ছ্বসিত দ্রাবিড়!

অবসরের পর শোনা গিয়েছিল, ভবিষ্যতে হয়তো কোচ হিসাবে দেখা যাবে অশ্বিনকে। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
Published By: Prasenjit DuttaPosted: 04:57 PM Aug 17, 2026Updated: 04:57 PM Aug 17, 2026

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর ঠিক এক বছরের মধ্যে আইপিএলকেও বিদায় জানিয়েছিলেন। এরপর অবশ্য ক্রিকেট থেকে দূরে থাকেননি রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বিশ্লেষণের পাশাপাশি ধারাভাষ্যও দেন। এবার জানা গেল, কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনারকে।

Advertisement

অবসরের পর শোনা গিয়েছিল, ভবিষ্যতে হয়তো কোচ হিসাবে দেখা যাবে অশ্বিনকে। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। আয়ারল্যান্ডের দল ডাবলিন গার্ডিয়ান্সের কোচ ও মেন্টর হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় এই দলের অন্যতম মালিক। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল ডাবলিন। সেই দলেরই দায়িত্ব নেবেন অশ্বিন। নয়া দায়িত্বের কথা নিজেই জানিয়েছেন প্রাক্তন অফস্পিনার।

একটা সময় দ্রাবিড়ের কোচিংয়ে খেলেছেন অশ্বিন। আবারও অশ্বিন-দ্রাবিড় যুগলবন্দি দেখা যাবে। অশ্বিনের কথায়, "আমার সঙ্গে রাহুল ভাইয়ের সম্পর্ক গত পাঁচ বছর ধরে খুবই ভালো। যখন ভারতের কোচ ছিলেন, তাঁর কাছে অনেক কিছু শিখেছি। আবার ১৩ বছর আগে চেন্নাইয়ে একটি ক্লাবের খেলায় উনি আমার অধিনায়কত্বেও খেলেছেন। এখন আমরা ডাবলিন গার্ডিয়ান্সের হয়ে আমরা একসঙ্গে কাজ করব।"

২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। তৎকালীন অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে ১০৬ টেস্টে পেয়েছেন ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এমন একজন স্পিনারকে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হবেন দ্রাবিড়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement