shono
Advertisement
Shah Rukh Khan

আমেরিকাতেও চ্যাম্পিয়ন, নাইট রাইডার্সের ঝুলিতে দশম ট্রফি, আবেগাপ্লুত নাইট মালিক শাহরুখ

সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডারদের দাপটে চ্যাম্পিয়ন নাইটরা।
Published By: Arpan DasPosted: 04:44 PM Jul 19, 2026Updated: 04:44 PM Jul 19, 2026

ফুটবল বিশ্বকাপ জ্বরে ভুগছে আমেরিকা। আর তার মাঝেই মার্কিনভূমে দাপট নাইট রাইডার্সের। প্রথমবার মেজর ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল। ফাইনালে ওয়াশিংটনকে হারিয়ে আমেরিকা-জয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের। দলের জয়ে আবেগ চেপে রাখতে পারলেন না কিং খানও। সোশাল মিডিয়ায় সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

Advertisement

২০২৩-এ প্রতিষ্ঠা হয় এলএ নাইট রাইডার্সের। গত তিন বছরে সাফল্য আসেনি। অবশেষে ট্রফি ঢুকল নাইটদের ঘরে। সারা বিশ্বজুড়ে নাইটদের সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে দশম ট্রফি জিতল। তিনটি আইপিএল, পাঁচটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও একটা মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে।

ফাইনালে প্রথমে ব্যাট করে নাইটরা ১৬৪ রান তোলে। রাসেল বা নারিন কেউই রান পাননি। সর্বোচ্চ রান আন্দ্রে ফ্লেচারের (৪৭)। জবাবে ওয়াশিংটন করে ১৬৩ রান। মাত্র ১ রানে ম্যাচ হারে তারা। সর্বোচ্চ রান ওবাস পিয়েনারের (৫৩)। শেষ ওভারে জিততে ওয়াশিংটনের দরকার ছিল ১৪ রান। কিন্তু শেডলি ভ্যান শেলউইকের বোলিংয়ে ম্যাচ জিতে নেয় নাইটরা। ফাইনালে ৩টি করে উইকেট পান সুনীল নারিন ও জেসন হোল্ডার।

দলের জয়ে গর্বিত মালিক শাহরুখ খান লেখেন, 'এলএকেআর স্টেডিয়াম, চ্যাম্পিয়ন হওয়া, আমেরিকায় ক্রিকেট, অসাধারণ নারিন, হোল্ডার, রাসেল ও গোটা দল। প্রত্যেকে অনবদ্য। তোমরা প্রত্যেকেই বলেছ, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। জিততে এসেছি। তোমরা সেটা দেখিয়ে দিলে। সবাইকে ভালোবাসি। করব, লড়ব, জিতব।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement