shono
Advertisement

মুম্বই কাঁটায় বিদ্ধ হয়ে আইপিএল থেকে বিদায় নিল নাইটবাহিনী

ধোনি-রোহিত দ্বৈরথে কে শেষ হাসি হাসে, এখন তারই অপেক্ষা৷ The post মুম্বই কাঁটায় বিদ্ধ হয়ে আইপিএল থেকে বিদায় নিল নাইটবাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:55 PM May 19, 2017Updated: 10:46 AM Jul 11, 2018

কলকাতা নাইট রাইডার্স: ১০৭ (সূর্যকুমার-৩১)

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স: ১১১/৪ (ক্রুনাল- ৪৫*)

৬ জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত ৮টায় মেঘলা আকাশ৷ রাত দশটায় বজ্রবিদ্যুৎ-সহ বষ্টি৷ নাহ্৷ এসব পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে আইপিএল-এর এলিমিনেটর ম্যাচ হল নির্বিঘ্নেই৷ কিন্তু আবহাওয়ার পূর্বাভাসের মতোই আরও একটা স্বপ্ন মিথ্যে হয়ে গেল৷ কিং খান থেকে কেকেআর ভক্তরা তৃতীয়বার ট্রফি জিতে ইতিহাস গড়ার স্বপ্নে বুঁদ হয়েছিলেন৷ কিন্তু মুম্বই কাঁটা সেই বিঁধেই গেল৷ চলতি টুর্নামেন্টে ‘থার্ড টাইম লাকি’ হওয়া হল না গৌতম গম্ভীরের৷ সমর্থকদের স্বপ্ন মিথ্যে প্রমাণ করেই এবারের মতো আইপিএল-কে বিদায় জানাল নাইটবাহিনী৷ আর দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই চতুর্থবার আইপিএল ফাইনালের টিকিট পাকা করে ফেলল৷

[বিরাটের নতুন ফ্যান এই খুদে! দেখুন তো চেনেন কিনা?]

চিন্নাস্বামী বোলিং সহায়ক উইকেট বলেই পরিচিত৷ শুক্রবার কলকাতা ও মুম্বই দু’পক্ষের ইনিংস দেখার পর তেমনটাই ফের স্পষ্ট হল৷ নাইটদের ব্যাটিং-অর্ডার নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন কর্ণ শর্মা, বুমরাহ, মিচেল জনসনরা৷ চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা জুটির তকমা পাওয়া ক্রিস লিন (৪), সুনীল নারিনের (১০) অসহায় পরিস্থিতি যেন চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না গ্যালারিতে উপস্থিত শাহরুখ খান৷ কথায় বলে না, বৃথা আশা মরিতে মরিতেও মরে না৷ চরম টেনশনের মুহূর্তে আঙুল কামড়াতে কামড়াতে কেকেআর ভক্তরা ভাবছিলেন, গম্ভীর ও উথাপ্পা নিশ্চয়ই পরিস্থিতি পাল্টে দেবেন৷ কিন্তু তেমনটা হল না৷ কর্ণ শর্মাদের দাপটে ৩১ রানে পাঁচ-পাঁচটি উইকেট খুইয়ে বসল কলকাতা৷ আর তখনই যেন জয়ের আশা শেষ হয়ে গেল৷ চিন্নাস্বামীর বুকে এক মুহূর্তের জন্য ভেসে উঠল ইডেন গার্ডেন্সের ছবি৷ ব্যাঙ্গালোর বনাম কলকাতা ম্যাচের মতো ফল হবে না তো? যেখানে বিরাটদের মাত্র ৪৯ রানে গুটিয়ে দিয়েছিলেন নারিনরা! সেই লজ্জার হাত থেকে অবশ্য দলকে রক্ষা করলেন ইশাঙ্ক জাগ্গি ও সূর্যকুমার যাদব৷ তাঁদের ব্যক্তিগত ২২ ও ৩১ রানেই ১০০-র গণ্ডি টপকায় কলকাতা৷ চারটি উইকেট তুলে নিয়ে নাইটদের ফাইনালে পৌঁছনোর লড়াইয়ের সবটুকু আত্মবিশ্বাস নিংড়ে নিলেন লেগ-স্পিনার কর্ণ৷ তিনটে উইকেট ঝুলিতে ভরেন বুমরাহ৷ দু’টি উইকেট নেন জনসন৷

গোটা টুর্নামেন্টে গম্ভীরের নেতৃত্ব ও প্যারফরম্যান্স দারুণ প্রশংসা কুড়িয়েছে৷ কিন্তু গম্ভীরকে নিঃসন্দেহে একটা বিষয়ই কুড়ে কুড়ে খাবে৷ রোহিত শর্মাকে কেন হারানো গেল না? চেষ্টা তো কম করেননি তাঁরা৷ এদিনও শুরুতেই তিনটে উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তাঁর দলের বোলাররা৷ সিমন্স ও আম্বাতি রাইডুকে ফেরান পীয়ূষ চাওলা৷ কিন্তু শেষরক্ষা হল না৷ রোহিত শর্মার ২৬ রান ও ঠান্ডা মাথার ক্রুনাল পাণ্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়েই শেষ হয়ে গেল কেকেআর-এর এবারের সফর৷ রবিবার হায়দরাবাদে পুণের বিরুদ্ধে তৃতীয়বার ট্রফি জয়ের লড়াইয়ে নামবেন রোহিত শর্মারা৷ অন্য দিকে, প্রথমবার ট্রফি ঘরে তুলে আইপিএল-কে বিদায় জানাতে বদ্ধপরিকর স্মিথ অ্যান্ড কোম্পানি৷ ধোনি-রোহিত দ্বৈরথে কে শেষ হাসি
হাসে, এখন তারই অপেক্ষা৷

[জানেন, মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার ছিলেন রেস্তরাঁ কর্মী?]

ছবি সৌজন্যে BCCI

The post মুম্বই কাঁটায় বিদ্ধ হয়ে আইপিএল থেকে বিদায় নিল নাইটবাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার