সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় চোট পেয়ে আইসিইউ'তে ভর্তি হতে হয়েছিল শ্রেয়স আইয়ারকে। যা নিয়ে প্রবল উদ্বেগ ছিল ক্রিকেটভক্তদের মধ্যে। তবে সুস্থ হয়ে সিডনির হাসপাতাল থেকে ছাড়া পান। সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন। কিন্তু ঠিক কী অবস্থা হয়েছিল? কতটা বিপজ্জনক অবস্থা ছিল শ্রেয়সের? যা জানা গেল, তা কিন্তু রীতিমতো আশঙ্কাজনক। সেই সঙ্গে জানা গিয়েছে, তাঁর মাঠে ফেরার সম্ভাব্য সময়ও পিছিয়ে যেতে পারে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, "শ্রেয়সের অক্সিজেনের মাত্রা ৫০-এ নেমে গিয়েছিল। প্রায় ১০ মিনিট ও ঠিক মতো দাঁড়াতেই পারেনি। কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লেগেছিল।" কিন্তু কবে মাঠে ফিরতে পারবেন তিনি? ওই সূত্র বলছেন, "পুরো ম্যাচ ফিট হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। নির্বাচন কমিটি কোনও রকম তাড়াহুড়ো করতে চায় না। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা নেই।" সুস্থ শরীরে অক্সিজেনের মাত্রা থাকে ৯৫ থেকে ১০০ শতাংশের মধ্যে।
৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। সেখানে খেলতে পারবেন না শ্রেয়স। প্রথমে জানা গিয়েছিল, মাঠে ফিরতে ৬-৮ সপ্তাহ সময় লাগতে পারে ভারতের তারকা ব্যাটারের। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে এমনিই অনিশ্চিত ছিলেন। এবার যেন তাতে সিলমোহর পড়ল। জানা গিয়েছে, জানুয়ারির মধ্যে সুস্থ হতে পারেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রেয়স এক বন্ধুর সঙ্গে সমুদ্রতটে ঘুরতে যাওয়ার ছবি দিয়েছেন। সেখানে লিখেছেন, 'ফিরতে পেরে ভালো লাগছে। সবার ভালোবাসা ও যত্নের জন্য ধন্যবাদ।'
উল্লেখ্য, সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তড়িঘড়ি তাঁকে সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। যদিও উদ্বেগ কাটিয়ে আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন। প্লীহার ক্ষত ঠিক করতে বিশেষ এক পদ্ধতি অবলম্বন করে তাঁর চিকিৎসা করেছেন চিকিৎসকরা।
