shono
Advertisement
Rajasthan Royals

ফের বঞ্চিত যশস্বী! শিকে ছিঁড়ল না জাদেজারও, নতুন অধিনায়ক ঘোষণা রাজস্থান রয়্যালসের

রবীন্দ্র জাদেজা নন, যশস্বী জয়সওয়ালও নন। নতুন অধিনায়ক ঠিক করে ফেলল রাজস্থান রয়্যালস। আর সেই অধিনায়ক নির্বাচনে কি কাজ করছে ক্রিকেটীয় হিসেবনিকেশের বাইরের অঙ্ক?
Published By: Arpan DasPosted: 05:07 PM Feb 13, 2026Updated: 08:58 PM Feb 13, 2026

রবীন্দ্র জাদেজা নন, যশস্বী জয়সওয়ালও নন। নতুন অধিনায়ক ঠিক করে ফেলল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আর সেই 'রয়্যাল মুকুট' উঠছে রিয়ান পরাগের মাথায়। গত মরশুমের কয়েকটি ম্যাচে তিনি রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন। সঞ্জু স্যামসন চলে যাওয়ায় কে রাজস্থানের অধিনায়ক হবেন সেই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তার সমাপ্তি ঘটল।

Advertisement

গত ৭ মরশুম ধরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন রিয়ান। গত কয়েক বছরে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। গত আইপিএলে সঞ্জু যখন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন, রাজস্থানের অধিনায়কত্ব সামলেছিলেন রিয়ান। গত আইপিএলে ২৪ বছর বয়সি এই ক্রিকেটার ৮ ম্যাচে অধিনায়ক ছিলেন। দলে যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও রিয়ানকেই অধিনায়ক বেছে নিয়েছিল রাজস্থান। এমন নয় যে, রাজস্থান তাতে সাফল্য পেয়েছিল। কিন্তু ফের তাঁকেই দায়িত্ব দিচ্ছে আইপিএলের প্রথমবারের চ্যাম্পিয়নরা।

দায়িত্ব পেয়ে রিয়ান বলছেন, "আমেরিকার বিরুদ্ধে একটা ওয়ার্মআপ ম্যাচ খেলছিলাম। সেই সময় আমাকে হেড কোচ কুমার সঙ্গাকারা ফোনে শুভেচ্ছা জানিয়ে বলেন, তুমি আমাদের অধিনায়ক। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু তারপরই মূল বিষয়ের আলোচনায় ঢুকে যাই। এবার আমাকে কী করতে হবে? ভালো ফল করার জন্য আমাদের কী কী পরিবর্তন করতে হবে?"

আইপিএলে ৮৪টি ম্যাচে ১৫৬৬ রান করেছেন রিয়ান। এর মধ্যে অসমের ক্রিকেটার সেরা সময় কাটিয়েছেন ২০২৪ সালে। তবে সঞ্জু ছাড়ার পর একাধিক তারকা রাজস্থানের অধিনায়ক হওয়ার দাবিদার ছিলেন। যার মধ্যে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, জাতীয় দলের তারকা যশস্বী জয়সওয়াল কিংবা ইংল্যান্ডের স্যাম কারান ছিলেন। তবে একটা জল্পনা রয়েছে, রাজস্থানের অন্যতম কর্মকর্তা রঞ্জিৎ বড়ঠাকুর অসমিয়া। তাই কি রিয়ানকে বড় দায়িত্ব দেওয়া হল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement