shono
Advertisement

Breaking News

Ryan ten Doeschate

ভারত 'ছাড়া'র ২৪ ঘণ্টার মধ্যে কেকেআরে দুশখাতে, নাইটদের চ্যাম্পিয়ন করতে তৈরি ব্লু প্রিন্ট!

ভারতীয় দল ছেড়েছেন রায়ান টেন দুশখাতে। জাতীয় হেডকোচ গৌতম গম্ভীরের সহকারীর দায়িত্ব ছেড়ে তিনি ফিরলেন কেকেআরে।
Published By: Prasenjit DuttaPosted: 02:27 PM Jul 29, 2026Updated: 05:06 PM Jul 29, 2026

ভারতীয় দল ছেড়েছেন রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। জাতীয় হেডকোচ গৌতম গম্ভীরের সহকারীর দায়িত্ব ছেড়ে তিনি ফিরলেন কেকেআরে। আইপিএল শুরু হতে এখনও প্রায় ন'মাস বাকি। কিন্তু এখন থেকেই নাইটদের চ্যাম্পিয়ন করতে যে তৈরি হচ্ছে ব্লু প্রিন্ট, তা এই সিদ্ধান্তেই অনুমেয়। তিনি যুক্তরাজ্য সফরের পরপরই প্রাক্তন নেদারল্যান্ডস ক্রিকেটার ভারতীয় বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে, তিনি আর সহকারী কোচের পদে থাকতে চান না। নাইটদের দলে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? 

Advertisement

দুশখাতের সঙ্গে ভারতীয় কোচ গম্ভীরের নিবিড় যোগাযোগ বহুদিনের। গম্ভীর যখন কেকেআর ক্যাপ্টেন হিসেবে দু'টো আইপিএল ট্রফি দেন, সেই দুই টিমেই ছিলেন দুশখাতে। শুধু তাই নয়, ২০২৪ সালে গম্ভীর নাইট মেন্টর হিসাবে ফিরে এসে যখন সোনালি-বেগুনিকে তৃতীয় ট্রফি দেন, সেই সময়ও প্রাক্তন ডাচ ক্রিকেটার নাইট কোচিং সেট-আপে ছিলেন। এরপর কেকেআর ছেড়ে জাতীয় কোচের প্রস্তাব গ্রহণ করেন গম্ভীর। দুশখাতেও তাঁর সঙ্গে ভারতীয় দলে চলে যান। কিন্তু অবিচ্ছেদ্য জুটি এবার ভাঙছে। দুশখাতে আর ভারতীয় দলে থাকছেন না। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে বিপর্যয়ের পর নিজ-দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।

ভারতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর জল্পনা ছিল, তিনি নাইটদের দলে যোগ দিতে চলেছেন। সেই জল্পনাই সত্যি হতে ২৪ ঘণ্টাও লাগল না। কেকেআরের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, তাদের ফ্র্যাঞ্চাইজির 'হেড অফ ক্রিকেট স্ট্র্যাটের্জি'র ভূমিকায় যোগ দেবেন দুশখাতে। নতুন এই ভূমিকায় কী করবেন তিনি? জানা গিয়েছে, দলের বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করা থেকে নতুন ক্রিকেটারদের খোঁজ (স্কাউটিং) করবেন। এখানেই শেষ নয়, দল গঠনের সময় নতুন ক্রিকেটার নিয়োগ এবং যে পারফরম্যান্স বিচার করা হবে, সেসব সামলাবেন দুশখাতে। কেকেআরের কথায়, 'এর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফদের সঙ্গে কাজ করবেন দুশখাতে। সব দলের জন্য নির্দিষ্ট কৌশল সাজানোর দায়িত্বও তাঁর উপরে।' অর্থাৎ তিনি সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, আইএলটি২০-তে আবু ধাবি নাইট রাইডার্স এবং এমএলসি-তে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সহকারী কোচ হিসাবেও দায়িত্ব পালন করবেন।

নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “নাইট রাইডার্স পরিবারে 'টেন্ডো'কে আবারও স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত। আমাদের দলের দর্শননের প্রতি তাঁর গভীর বোঝাপড়া এবং ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে এই পদের জন্য আদর্শ করে তুলেছে। নাইট পরিবারকে তিনি আরও উচ্চতায় পৌঁছে দেবেন।” নাইটদের দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত দুশখাতেও। নাইট রাইডার্স শিবিরে ফিরে উচ্ছ্বসিত দুশখাতে। তাঁর কথায়, "নতুন ভূমিকায় নাইট রাইডার্সে ফিরে অত্যন্ত আনন্দিত। কোচিং ও অ্যানালিটিক্স টিমের সঙ্গে কাজ করে স্কাউটিং, ক্রিকেটারদের উন্নতি এবং দীর্ঘমেয়াদি ক্রিকেট কৌশল গড়ে তোলার ক্ষেত্রে দারুণ সুযোগ।"

দুশখাতে ভারতের সহকারী কোচ থাকাকালীন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু লজ্জাজনক পরাজয়ও এসেছে সঙ্গে। যেমন অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। দেশের মাটিতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে কুৎসিত হার। একইসঙ্গে ফিল্ডিং কোচও বদল হল। ২০২১ থেকে ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন টি দিলীপ। শ্রীলঙ্কা সফর থেকে দিলীপের বদলে ভারতের নতুন ফিল্ডিং কোচ করে নিয়ে আসা হল শুভদীপ ঘোষকে। নাইট রাইডার্স পরিবারের সঙ্গে দুশখাতের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে কেকেআরের খেলোয়াড় হিসাবে। ২০১২ ও ২০১৪ সালের আইপিএল শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালে নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে। পরে গৌতম গম্ভীর নাইটদের মেন্টর হন। ২০২৪-এ আইপিএল জেতার পর গম্ভীর ভারতীয় দলের কোচ হন। সেই সময় দুশখাতেও টিম ইন্ডিয়ার সহকারী কোচ হন। এই দায়িত্বে ছিলেন অভিষেক নায়ারও। যিনি পরে কেকেআরের প্রধান কোচ হন। এবার সেখানেই ফিরে এলেন দুশখাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement