সন্দীপ পাটিল (Sandeep Patil)। ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম। আন্তর্জাতিক কেরিয়ার বিশেষ লম্বা না হলেও বরাবর শিরোনামে থেকেছেন তিনি। পরবর্তীকালে কোচ হিসাবে, নির্বাচকপ্রধান হিসাবে খ্যাতি অর্জন করেন। সেই সন্দীপ পাতিল এবার রীতিমতো বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন। সন্দীপের দাবি অবসরের আট বছর পর তাঁকে ভারতীয় দলের অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটাও মাত্র এক রাতের জন্য।
সন্দীপ ১৯৮৩ বিশ্বজয়ী দলের সদস্য হলেও কেরিয়ার বেশিদূর গড়ায়নি। ১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। মজার কথা হল সেই সন্দীপ পাটিলকে নাকি ১৯৯৪ সালে আচমকা ভারতীয় দলের নির্বাচকপ্রধান ফোন করে জানান, তাঁকে ভারতীয় দলের অধিনায়কত্ব করতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই তথ্য ফাঁস করছেন সন্দীপ।
আসলে ১৯৯৪ সালে ভারতীয় বোর্ড আর্থিক ও অন্যান্য সমস্যায় জর্জরিত ছিল। সেসময় প্রথম সারির সাত ক্রিকেটার বোর্ডের চুক্তিতে সই করতে রাজি হননি। এদিকে পাকিস্তান সফর আসন্ন। বাধ্য হয়ে বিসিসিআইয়ের নির্বাচকরা বিকল্প ক্রিকেটারদের সন্ধান করছিলেন। সন্দীপের দাবি, এরপরই বোর্ডের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাক্তন বিশ্বজয়ী বলছেন, "আমি তখন জয়পুরে রনজি ট্রফির ম্যাচ খেলছি। ম্যাচের শেষে নির্বাচক কমিটির চেয়ারম্যানের থেকে একটা ফোন পাই। আমাকে তিনি বলেন, তুমি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্ব দেবে। আমি বললাম, আমি? সত্যিই? আমার তো আঙুল ভাঙা।"
সন্দীপের কথায়, "আমি এরপর বাড়িতে ফোন করি। আমি আগেই সব ক্রিকেট থেকে অবসর নিয়েছি। পরের দিন সকালেই সাতজন ক্রিকেটার বোর্ডের চুক্তি সই করে দেন। ফলে আমাকে আর ডাকা হয়নি। সেদিক থেকে দেখতে গেলে আমি একরাতের জন্য ভারত অধিনায়ক হয়েছিলাম।" পাতিলের ওই দাবি সত্যি হলে ব্যাপারটা বেশ মজার। যদিও কোনওদিনই সরকারিভাবে সন্দীপ পাটিলকে কোনওদিনই ভারতের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়নি।
