একই দিনে আইপিএলে বিক্রি হয়ে গেল দু'টি দল। প্রথমে জানা যায়, প্রায় ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। তারপর বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যে বিক্রির খবর আসে। যা দেখে স্তম্ভিত সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের সঙ্গে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের তুলনা টানছেন।
২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। কোটি টাকার লিগের ইতিহাসের প্রথম বলটি খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে ১৮ বছর। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের মূল্য ছিল ৩২০ কোটি টাকা। অন্যদিকে আরসিবি'র মূল্য ছিল প্রায় ৪৫০ কোটি টাকা। সেখানে ১৮ বছর পর দু'টি দল বিক্রি হল মোট ৩২ হাজার কোটি টাকায়।
যার পরিপ্রেক্ষিতে সৌরভ বলছেন, "আইপিএলের প্রথম বলটা আমি খেলেছিলাম। সেখান থেকে আজ আইপিএল কোথায় এসে দাঁড়িয়েছে। বছরে মাত্র আড়াই-তিন মাস এই প্রতিযোগিতা হয়। তাতেই এই জায়গায় পৌঁছে গিয়েছে। আমার মতে, আইপিএল এখন আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল লিগের সঙ্গে পাল্লা দিতে পারে। বিশ্বের যে কোনও প্রান্তের লিগের সম্প্রচারমূল্যের সমান। আইপিএলকে এখন সেই জায়গায় রাখা যায়। এমনকী ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের থেকেও বড়। যে অঙ্কের টাকা লেনদেন হচ্ছে, তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।"
উল্লেখ্য, কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ টাকা। সেই অফার গ্রহণ করেছে রাজস্থান বোর্ড। অন্যদিকে কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আইপিএলের অন্যতম জনপ্রিয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা পেল। ওই কনসোর্টিয়ামে বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, আমেরিকান ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার এবং মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার থাকবে আদিত্য বিড়লা গ্রুপের হাতে। বিড়লার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১.৮ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৬,৮৯০ কোটি টাকা) দর হাঁকে। তাঁদের হাতেই গেল মালিকানা।
