ঝুলন গোস্বামীর পর ফের জাতীয় মঞ্চে জায়গা করে নিলেন নদিয়ার বঙ্গতনয়া। ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেলেন কৃষ্ণনগরের সুজাতা দে। ১২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা ‘এ’ দল। সেই দলেই জায়গা হয়েছে কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা সুজাতার।
বাঁহাতি বোলিং অলরাউন্ডার সুজাতা। বল হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরি ভূমিকা নিতে পারেন। ইতিমধ্যে বাংলার জুনিয়র ও সিনিয়র দলের হয়ে খেলেছেন। অনূর্ধ্ব-২৩ দলেও ছিলেন। পাশাপাশি সিএবি পরিচালিত বেঙ্গল প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। রাজ্য ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই এবার ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
সুজাতার ক্রিকেটে আসার গল্পটা অন্যরকম। মাত্র ১৭ বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি তাঁর। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে বেনেডিক্ট গোমস, ঋতব্রত চৌধুরী এবং অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু হয় তাঁর। সেখান থেকেই ধীরে ধীরে জেলা ক্রিকেটের গণ্ডি পেরিয়ে রাজ্যস্তরে উঠে আসে। পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলায় অবশ্য ক্রিকেটার হওয়ার কোনও পরিকল্পনা ছিল না সুজাতার। তাঁর দাদাকে বন্ধুরা খেলতে ডাকতে বাড়িতে এলে দাদা যেতে চাইতেন না। সেই সময় দাদার পরিবর্তে মাঠে যাওয়া শুরু করেন সুজাতাই। পরবর্তীতে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে। নিয়মিত অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে তৈরি হয় নিজের জায়গা।
বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার পর সিনিয়র ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করেন সুজাতা। অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি বেঙ্গল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান। সেখানে নজরকাড়া পারফরম্যান্স তাঁর জন্য ভারতীয় মহিলা ‘এ’ দলের দরজা খুলে দিয়েছে। সুজাতার বাবা সুব্রত দে সরকারি কর্মচারী। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার। কৃষ্ণনগরের এই ক্রিকেটারের ভারতীয় মহিলা ‘এ’ দলে সুযোগ পাওয়ার খবরে জেলার ক্রীড়ামহলেও তৈরি হয়েছে আগ্রহ।
নদিয়ার চাকদহের ঝুলন গোস্বামী ভারতীয় মহিলা ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলেছেন। এবার কৃষ্ণনগরের সুজাতা দে-র ভারতীয় মহিলা ‘এ’ দলে সুযোগ পাওয়া জেলার মহিলা ক্রিকেটে নতুন সংযোজন। জাতীয় পর্যায়ের এই সুযোগকে কাজে লাগিয়ে এবার ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নেওয়াই সুজাতার লক্ষ্য। তাঁর এই সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া কৃষ্ণনগরে।
