shono
Advertisement

Breaking News

Yuvraj Singh Samra

বিশ্বকাপে নতুন 'যুবরাজ', সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির নজির 'ভারতীয়' বাবার কানাডিয়ান ছেলের

প্রিয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম অনুসারে ছেলের নাম রেখেছিলেন বাবা। ইচ্ছা ছিল, ছেলেও বড় হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে।
Published By: Subhajit MandalPosted: 04:22 PM Feb 17, 2026Updated: 04:26 PM Feb 17, 2026

বাবার জন্ম বেড়ে ওঠা ভারতে। ক্রিকেট বড্ড ভালোবাসেন। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নাম অনুসারে ছেলের নাম রেখেছিলেন যুবরাজ সিং। ইচ্ছা ছিল, ছেলেও বড় হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। সেই স্বপ্ন শুধু পূরণই করেননি যুবরাজ সিং সামরা। মাত্র উনিশ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার কিউয়িদের বিরুদ্ধে মাত্র ৬৫ বলে ১১০ রানের ইনিংস খেললেন দীর্ঘদেহী এক বাঁহাতি ব্যাটার। ১১টি চার আর ৬টি ছক্কার সেই ইনিংসে তছনছ হয়ে গিয়েছে একাধিক রেকর্ড। ১৯ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করে যুবরাজই এখন বিশ্বকাপে কনিষ্ঠতম সেঞ্চুরির মালিক। তিনি ভাঙলেন পাকিস্তানের আহমেদ শেহজাদের রেকর্ড। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ২২ বছর ১২৭ দিন বয়সে সেঞ্চুরি হাঁকান পাক ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন সুরেশ রায়না। ২০১০ বিশ্বকাপে ২৩ বছর ১৫৬ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান রায়না।

ওয়ানডে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আয়ারল্যান্ডের পল স্টার্লিংকেও পিছনে ফেলেছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ধরনের বিশ্বকাপ মিলিয়েই তিনি এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন। শুধু তাই নয়, এ পর্যন্ত আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির মধ্যে টি-২০ বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ন তিনিই।

কানাডার ব্র্যাম্পটনে জন্ম নেওয়া এই পাঞ্জাবি বংশোদ্ভূত তরুণের ক্রিকেটে হাতেখড়ি টরন্টো ডিস্ট্রিক্ট লিগে। গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক। বাবা বলজিৎ সামরা পাঞ্জাব থেকে কানাডায় যান কাজের সূত্রে। বাবার প্রিয় তারকা যুবরাজ সিংয়ের মতোই এই যুবরাজ বাঁহাতি ব্যাটিং করেন। লম্বা ছক্কা হাঁকাতে পছন্দ করেন। ছেলের মঙ্গলবারের ইনিংস নিশ্চয়ই বাবাকে গর্বিত করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement