পাকিস্তানের সঙ্গে সৌজন্যের করমর্দন বন্ধ করেছে ভারত। ক্রিকেট মাঠে একে অপরের বিরুদ্ধে খেললেও, সৌজন্য একেবারে বন্ধ। গোটা বিষয়টিকে 'বোকামি' বলে দাবি করছেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর কথায়, এই আচরণে ক্রিকেটের আদর্শ নষ্ট করছে ভারত। তবে মঞ্জরেকরের সমালোচনা সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে একচুল নড়ছেন না সূর্যকুমার যাদবরা।
দীর্ঘ টালবাহানা-নাটকের পর অবশেষে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। রবিবার সন্ধেয় কলম্বোয় খেলতে নামবে দুই দল। ম্যাচের আগে প্রশ্ন ছিল, পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে কি হাত মেলাবেন সূর্য? খেলার মাঠের পরিচিত সৌজন্যের ছবিটা কি ফিরবে? এই নিয়ে সাংবাদিক সম্মেলনেও ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়। তিনি অবশ্য স্পষ্ট করে কোনও জবাব দেননি। কিন্তু সূত্রের খবর, রবিবারেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না ভারতীয়রা।
ম্যাচের আগেই অবশ্য করমর্দন বিতর্ক উসকে দিয়েছেন মঞ্জরেকর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই হাত না মেলানোর বিষয়টা, যেটা ভারত চালু করেছে, সেটা অত্যন্ত বোকামি। আমাদের মতো দেশকে এটা মানায় না। হয় খেলার আদর্শ পুরোটা মেনে খেলতে হবে নচেত খেলতে নামাই উচিত নয়।' উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করেন, পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত ভারতের।
পহেলগাঁও হামলায় পাক যোগের প্রমাণ স্পষ্ট। গত বছর এপ্রিল মাসের এই জঘন্য হামলার পরে খেলার মাঠে পাকিস্তানকে বয়কট করে কোণঠাসা করে দেবে ভারত, এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীদের অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। এশিয়া কাপে সবমিলিয়ে তিনবার পাকিস্তানে বিরুদ্ধে ম্যাচ খেলেছে ভারত। অন্যান্য ক্ষেত্রেও মুখোমুখি হয়েছে দুই দল। ক্রিকেটমহলের অনেকেই মনে করেছেন, আইসিসির চাপেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে বাধ্য হয়েছে পাকিস্তান। কারণ এই ম্যাচের সঙ্গে আইসিসির বিরাট অঙ্কের মুনাফা জড়িয়ে রয়েছে।
