shono
Advertisement
T20 World Cup

বিশ্বকাপে 'ভাই' মুস্তাফিজদের মিস করবেন পাক অধিনায়ক, ভারতকে বয়কটে খুশির হাওয়া বাংলাদেশে!

অতীত ভুলে পদ্মাপারে এখন তুমুল 'ভারতবিদ্বেষী' হাওয়া। এই অবস্থায় বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেটা জানেন পাক অধিনায়কও।
Published By: Arpan DasPosted: 03:29 PM Feb 05, 2026Updated: 03:29 PM Feb 05, 2026

'ভাই'য়ের জন্য দরদ উথলে উঠছে পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। মুখে অবশ্য স্পষ্ট করে কারণ বলছে না। তবে বাংলাদেশের সঙ্গে 'গলাগলি' করে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। 'ভাই'ও কৃতজ্ঞতা দেখানোর সুযোগ ছাড়ছে না। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানের প্রতি ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।

Advertisement

সামনে বাংলাদেশের নির্বাচন। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা অনেক রাজনৈতিক প্রশ্ন তুলে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউসুফ অনেক বিষয়েই ইসলামাবাদের মুখাপেক্ষী। অতীত ভুলে পদ্মাপারে এখন তুমুল 'ভারতবিদ্বেষী' হাওয়া। এই অবস্থায় বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেটা জানেন পাক অধিনায়কও। সলমন বলছেন, "বাংলাদেশিরা আমাদের ভাই। তারা যেভাবে পাকিস্তানকে সমর্থন করছে, তাতে আমরা কৃতজ্ঞ। তারা যে বিশ্বকাপে খেলবে না, সেটা দুঃখজনক।"

এদিকে বুধবার ক্যাবিনেট বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। কারণ আমরা বাংলাদেশের পাশে রয়েছি। আমরা অনেক ভেবেচিন্তে সচেতনভাবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।" তাতে আবার 'ধন্যবাদ' জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাক প্রধানমন্ত্রীর পুরো উদ্ধৃতিই তুলে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ যে বিশ্বকাপে খেলছে না তার অন্যতম দায় আসিফ নজরুলের। বিশ্বকাপ না খেলা নিয়ে তিনি বলেছিলেন, "ভারত সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, মুস্তাফিজুর ইস্যুতে ক্ষমা চায়নি। একবারও ভারতের তরফে বলা হয়নি যে বাংলাদেশের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” আসিফ আরও জানিয়েছিলেন, ইউনুস সরকারের সিদ্ধান্তেই ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement