shono
Advertisement

Breaking News

T20 World Cup

সেমিতে নিশ্চিত ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপের জটিল অঙ্কে আজই বিদায় পাকিস্তানের?

সেমিফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল হওয়ার লড়াইয়ে রয়েছে চার দেশ-ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড।
Published By: Anwesha AdhikaryPosted: 12:24 PM Feb 27, 2026Updated: 12:25 PM Feb 27, 2026

বিজনেস এন্ডে এসে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল হওয়ার লড়াইয়ে রয়েছে চার দেশ-ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার আবহাওয়া যেভাবে ভেলকি দেখিয়েছে, তাতে শুক্রবারের ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। এদিনের ম্যাচের উপরেই পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন টিকে রয়েছে। শুক্রবারই ঠিক হয়ে যাবে, সলমন আলি আঘারা বিশ্বকাপে টিকে থাকতে পারবেন কিনা।

Advertisement

বৃহস্পতিবার জিম্বাবোয়েকে হারিয়েছে ভারত। সেই ফলাফলের ভিত্তিতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। পরপর দুই ম্যাচ বিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছেন এডেন মার্করামরা। চার পয়েন্ট এবং দারুণ নেট রান রেট রয়েছে তাঁদের। গ্রুপ ১ থেকে আর একটি দলই সেমিফাইনালে যাবে। সেটা চূড়ান্ত হবে আগামী রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরে।

কিন্তু গ্রুপ ২ থেকে কোন দল সেমিতে যাবে, সেটা শুক্রবারই নির্ধারিত হয়ে যেতে পারে। গ্রুপ ২ পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। তাদের ঝুলিতে এক পয়েন্ট। সর্বোচ্চ তিন পয়েন্ট পর্যন্ত পেতে পারে তারা। রানরেট -০.৪৬১। ওই গ্রুপ থেকে ৪ পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই সেমিতে চলে গিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসাবে সেমিতে ওঠার লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড। আপাতত কিউয়িদের ঝুলিতে তিন পয়েন্ট। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে কিউয়িরা। সেই ম্যাচে যদি ইংল্যান্ড জেতে, একমাত্র তাহলেই পাকিস্তানের আশা বেঁচে থাকবে। তাহলে নিউজিল্যান্ড আটকে যাবে তিন পয়েন্টে। তারপর শনিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হার‍াতে হবে শাহিন আফ্রিদিদের। কিন্তু ওই ম্যাচ খেলার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান, এমন সম্ভাবনাও রয়েছে। যদি শুক্রবারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে শ্রীলঙ্কাকে হারালেও লাভ হবে না। অন্যদিকে, নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হারে আর পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলেও সলমন আলি আঘাদের বিশ্বকাপ অভিযান শেষ। উল্লেখ্য, চলতি বিশ্বকাপের একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ফলে আবহাওয়া কাঁটায় শেষ হয়ে যেতে পারে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement