কথায় বলে, খোঁচা খাওয়া বাঘ অনেক বেশি ভয়ংকর। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতীয় দলকে দেখে সেই প্রবাদটাই ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে গেল। জিম্বাবোয়ের বিরুদ্ধে কার্যত মরণবাঁচন ম্যাচে এদিন নেমেছিলেন সূর্যকুমার যাদবরা। কিন্তু সেই ম্যাচের প্রথম ইনিংসে সর্বকালীন রেকর্ড গড়ে মাঠ ছাড়ল মেন ইন ব্লু। বিশ্ব ক্রিকেটে তৈরি হল নতুন নজির।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান ছিল ২১৮। যে ম্যাচে যুবরাজ সিং এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন, সেই ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। ১৯ বছর ধরে অক্ষত থাকা সেই নজির ভেঙে খানখান হয়ে গেল হার্দিক পাণ্ডিয়া-অভিষেক শর্মাদের দাপটে। ২০ ওভার শেষে মেন ইন ব্লু থামল ২৫৬ রানে। চলতি টি-২০ বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান। সর্বকালের রেকর্ড বইয়েও জায়গা করে নিল বৃহস্পতিবারের ম্যাচ। টি-২০ বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ২৬০ রানের নজির রয়েছে। সেই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন সূর্যরা।
জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতে না পারলে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ আরও সংকীর্ণ হয়ে যাবে। গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এই বিষয়টিই বারবার ঘুরপাক খেয়েছে। একই কথা সম্ভবত সূর্যদের মাথাতেও ছিল। তাই তো ইনিংসের শুরু থেকেই ঝোড়ো ইনিংস খেলেছেন মেন ইন ব্লুর প্রত্যেকেই। শুরুটা হয় সঞ্জু স্যামসনের ব্যাটে। ১৫ বলে ২৪ রান করে আউট হন তিনি। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার বিশ্বকাপের মঞ্চে জ্বলে ওঠেন অভিষেক শর্মা। চারটি করে বাউন্ডারি এবং ছক্কা হাঁকিয়ে ৫৫ রান করেন তরুণ তুর্কি।
ওপেন থেকে সরিয়ে এদিন তিন নম্বরে নামানো হয় ঈশান কিষানকে। নতুন ভূমিকাতেও সফল তিনি। ২৪ বলে ৩৮ রান আসে তাঁর ব্যাট থেকে। তবে তিন উইকেট পড়ে যাওয়ার পর থেকে মেন ইন ব্লুর রানের গতি আরও বেড়ে যায়। ক্যাপ্টেনস নকে সূর্য করেন ১৩ বলে ৩৩ রান। হার্দিক পাণ্ডিয়া আর তিলক বর্মার ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে বহু সমালোচনা হয়েছে। কিন্তু মন্থর ব্যাটিংয়ের খোলস ঝেড়ে ফেলে তিলক করলেন ১৬ বলে ৪৪ রান। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করলেন হার্দিক। দিনকয়েক আগে এই জিম্বাবোয়ের বিরুদ্ধেই ২৫৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটাই ছিল চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান। বৃহস্পতিবার সেই নজির টপকে নতুন ইতিহাস লিখল মেন ইন ব্লু।
