বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে সহজেই জিতল আফগানিস্তান। একটি উইকেট নিয়েও অবিশ্বাস্য নজির গড়লেন অধিনায়ক রশিদ খান। ম্যাচ জিতে সুপার এইটের লড়াইয়ে নিজেদের যেমন ভাসিয়ে রাখল, তেমনই সুবিধা হল দক্ষিণ আফ্রিকার। আফগানদের জয়ে সুপার এইটে চলে গেল প্রোটিয়ারা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ২৪ রান দিয়ে এক উইকেট পান রশিদ। অন্যদিকে আজমাতুল্লা ওমারজাইয়ের (১৫/৪) দাপুটে বোলিংয়ে ১৬০ রান করে আমিরশাহী। জবাবে আফগানিস্তান প্রথমে রহমানুল্লা গুরবাজের উইকেট হারিয়ে চাপে পড়েছিল ঠিকই, তবে ইব্রাহিম জাদরানের হাফসেঞ্চুরি ও পরের দিকে ওমারজাইয়ের দুরন্ত ইনিংসে জয় ছিনিয়ে নেয় আফগানরা।
এই নিয়ে টি-টোয়েন্টিতে মোট ৭০০ উইকেট হয়ে গেল রশিদের। যা আর কারও নেই। অনেক আগেই ডোয়েন ব্র্যাভোকে (৬৩১) পেরিয়ে এসেছেন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ১৯১টি উইকেট। আইপিএলে উইকেট সংখ্যা ১৫৮। এছাড়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ মিলিয়ে মোট ৭০০ উইকেট।
রশিদের নজিরের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে অঙ্কের দৌড়ে বেঁচে রইল আফগানিস্তান। ডি গ্রুপে ৩ ম্যাচে তাদের পয়েন্ট ২। নেট রান রেট -০.২১৫। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তিনটেই জিতে পয়েন্ট ৬। এমনিতে সুপার এইটে যেত। আমিরশাহী হারায় সেটা এদিনই হয়ে গেল। ফলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমিরশাহীর ম্যাচ এখন নিয়মরক্ষার।
এর সঙ্গে সুপার এইটে ভারতের আরও এক প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেল। ভারত আগেই এক্স-১ হিসেবে সুপার আটে চলে গিয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছে এক্স-৩ হিসেবে। দক্ষিণ আফ্রিকা এক্স-৪। এবার বি গ্রুপ থেকে একটি দল হবে এক্স-২। সেখানে আপাতত অস্ট্রেলিয়াকে ধরা হয়েছে। তবে অঘটন ঘটিয়ে জিম্বাবোয়েও চলে যেতে পারে।
