shono
Advertisement
T20 World Cup

'বিশ্বের সবচেয়ে বড় অপরাধ', ভারতের কাছে হারতেই 'অপদার্থ' নকভিকে তুলোধোনা শোয়েবের

Shoaib Akhtar: ভারতের বিরুদ্ধে হারতেই পাকিস্তান ক্রিকেটমহলে চলছে দোষারোপের পালা। কেউ ক্রিকেটারদের কাঠগড়ায় তুলছেন, কারোর ক্ষোভ পিসিবি প্রধান মহসিন নকভিকে ঘিরে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:38 PM Feb 16, 2026Updated: 04:21 PM Feb 16, 2026

ভারতের বিরুদ্ধে হারতেই পাকিস্তান ক্রিকেটমহলে চলছে দোষারোপের পালা। কেউ ক্রিকেটারদের কাঠগড়ায় তুলছেন, কারোর ক্ষোভ পিসিবি প্রধান মহসিন নকভিকে ঘিরে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের তোপ, খেলা নিয়ে যার বিন্দুমাত্র জ্ঞান নেই তাকে বোর্ড প্রধানের চেয়ারে বসানো হয়েছে। তাহলে দল ঠিকমতো চলবে কী করে। এমনকি নকভিকে অপদার্থ বলে কটাক্ষ করতেও ছাড়েননি শোয়েব।

Advertisement

পাক ক্রিকেটের অন্দরে অনেকেই অসন্তুষ্ট পিসিবি প্রধান মহসিন নকভির ভূমিকায়। তাঁরা মনে করছেন, ক্রিকেট প্রশাসক নয়, নকভি বোর্ড পরিচালনা করছেন রাজনৈতিক নেতা হিসাবে। খেলার চেয়েও বেশি প্রাধান্য দিচ্ছেন পড়শি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে। মূলত ভারত বিরোধিতার অবস্থানে তিনি অনড়। যেহেতু নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই পাক ক্রিকেটমহলের অনেকেই মনে করেন যে তাঁর পক্ষে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

ভারত ম্যাচ বয়কটের ডাক এবং তারপর সিদ্ধান্ত বদল-গোটা ঘটনাক্রম ঘিরে নকভির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিলই। বিশ্বকাপে ভারতের কাছে হার সেই আগুনে ঘি ঢেলেছে। একটি সাক্ষাৎকারে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, "যে কিছুই জানে না তাকে পিসিবি চেয়ারম্যান করে দেওয়া হয়েছে। তাতে কী লাভ হবে? টিম চলবে কী করে? বাবর আজমের মতো ক্রিকেটারকে সুপারস্টার বানানো হয়েছে যে একটাও ম্যাচ জেতাতে পারে না।" আখতার মনে করছেন, নকভি মতো অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়াটা বিশ্বের সবচেয়ে বড় অপরাধ।

ক্রিকেটারদেরও তোপ দাগতে ভোলেননি প্রাক্তন পেসার। ভারত ম্যাচের প্রসঙ্গ টেনে বলেন, "ম্যাচের একটা সময়ও আমরা জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পারিনি। শাহিন আফ্রিদি ১২৫ কিমিতে বল করছিল। আধুনিক ক্রিকেট এভাবে চলে না। এই ক্রিকেটাররা তো চাপ নিতেই পারে না। গত ১৫-২০ বছর ধরে ক্রিকেটে কোনও বিনিয়োগ নেই।" একটা সময়ে ভারতীয় ব্যাটার ত্রাস হয়ে ওঠা শোয়েবের আক্ষেপ, আগে ভারতের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিত পাকিস্তান, কিন্তু আজ তারা ভারতকে স্বপ্নেও হারাতে পারে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement